যুবভারতীতে ভাঙচুর, বিশৃঙ্খলা ও ‘১০০ কোটি টাকার ব্যবসা’! কেন প্রেস কনফারেন্স ছাড়লেন ডিজি? ফাঁস হল রহস্য

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির শো ঘিরে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনার পর এবার সামনে এল আর্থিক নয়ছয়ের গুরুতর অভিযোগ। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, এই ইভেন্টে প্রায় ১০০ কোটি টাকার ঘাপলা হয়েছে এবং এর নেপথ্যে বড় কোনও মাথা জড়িত রয়েছে। তিনি অবিলম্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

অর্জুন সিংয়ের অভিযোগ, “কাল মাঠ থেকে আওয়াজ উঠেছিল, আমরা মেসিকে দেখতে এসেছিলাম। স্টেডিয়াম হয়তো পাঁচ টাকা, এক টাকা দিয়ে প্রতীকীভাবে বুক করা হয়েছে, তাতে আপত্তি নেই। কিন্তু আপত্তিটা হল অন্য জায়গায়—যেখানে সাধারণ মানুষের আপত্তি ছিল, ১০ টাকার জলের বোতল বিক্রি হয়েছে ১৫০-২০০ টাকায়। মেসিকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, তাতে আপত্তি রয়েছে। প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।”

অর্জুনের বক্তব্য, সাধারণ মানুষ বলছে যে যাঁদেরকে মাঠে দেখা গিয়েছে, তাঁদের পেছনে ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কোটি কোটি টাকা ‘খাওয়া’ হয়েছে। তাই দ্রুত ইডি তদন্তের প্রয়োজন।

ডিজি কেন উঠে গেলেন?

বিজেপি নেতার আরও একটি প্রশ্ন—কেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে মাঝপথে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল? তাঁর কথায়, “ডিজি আবেগে বলে ফেলেছেন, সবাই বুঝতে পারছেন। উনি বলার পর দুমিনিটের মধ্যে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল।”

উল্লেখ্য, মেসিকে দেখার জন্য অনুরাগীরা ৪ হাজার, ৮ হাজার, এমনকি ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু চরম বিশৃঙ্খলার কারণে বহু দর্শক তাঁদের ‘ভগবান’কে দেখতেই পারেননি। পুলিশ থেকে উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। স্টেডিয়াম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়, যেখানে বেপরোয়া ভাঙচুর চলে। এই পরিস্থিতিতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার টিকিট মূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন।