সৌদিতে লভ ম্যারেজ করে ভারতে সংসার, জেনেনিন বাংলাদেশি রশিদ-রিনার কাহিনি

নয়ডার সচিন ও সীমা হায়দরের গল্পের পুনরাবৃত্তি এবার ঘটল উত্তরপ্রদেশের আমরোহায়। অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন বাংলাদেশের রিনা বেগম ও তাঁর স্বামী রশিদ আলি। সূত্রের খবর, রিনা বেগম সোশ্যাল মিডিয়ায় ‘বাই বাই বাংলাদেশ’ ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। পুলিশের নজরে আসতেই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং দ্রুত এই বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, রিনা বেগম বাংলাদেশের নাগরিক এবং তাঁর কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। রিনা এবং রশিদের প্রথম সাক্ষাৎ ও প্রেম হয়েছিল সৌদি আরবে, যেখানে তাঁরা দু’জনেই একটি হাসপাতালে কাজ করতেন। দীর্ঘ ৬ বছরের ঘনিষ্ঠতার পর তাঁরা সৌদি আরবেই বিবাহ করেন।

রিনা চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে ফেরেন এবং রশিদও তাঁর সঙ্গে ছিলেন। এরপর ৯ অক্টোবর নেপাল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তাঁরা। তাঁরা আমরোহা জেলার মান্ডি ধনৌরা এলাকায় বাস করতে শুরু করেন।

ধনৌরা সার্কেলের সিও অঞ্জলি কাটারিয়া জানিয়েছেন, এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, রিনা এবং রশিদ বৈধ কাগজপত্র বা ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পুলিশ তাঁদের উভয়ের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে এবং তাঁদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, রিনা বেগমের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি তাঁদের বিভিন্ন ট্রিপের বিবরণ তুলে ধরেছিল। এমনকী তাঁরা যে সোজা পথে ভারতে প্রবেশ করেননি, সেই ইঙ্গিতও পোস্টগুলি থেকে কার্যত স্পষ্ট হয়ে যায়। এই অবৈধ অনুপ্রবেশে কে বা কারা তাঁদের সাহায্য করেছিল, পুলিশ এখন সেই বিষয়েও খতিয়ে দেখছে। ‘বাই বাই বাংলাদেশ’ লিখে পোস্ট করাই তাঁদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। বর্তমানে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, সেই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।