পাকিস্তানে গোপন নথি পাচারের অভিযোগ, অসমের তেজপুর থেকে গ্রেফতার ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত জুনিয়র ওয়ারেন্ট অফিসার

দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি পাকিস্তানে পাচারের অভিযোগে ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত জুনিয়র ওয়ারেন্ট অফিসার কুলেন্দ্র শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের তেজপুর থেকে এই প্রাক্তন সেনাকর্মীকে গ্রেফতার করেছে সোন্তিপুর পুলিশ। অভিযোগ, ধৃত কুলেন্দ্র শর্মার সঙ্গে পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্কের যোগাযোগ ছিল।

সোন্তিপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমজি নিশ্চিত করে জানান, ধৃত কুলেন্দ্র শর্মা তেজপুরের বাসিন্দা। উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে শুক্রবার তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচার: পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কুলেন্দ্র শর্মা বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষত হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছে দিয়েছেন। তাঁর মোবাইল ঘেঁটে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে। তবে ঠিক কোন সময়ে এই তথ্য আদান-প্রদান করা হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত তথ্য জানার জন্য তদন্ত চলছে।

কুলেন্দ্রর বিরুদ্ধে তেজপুর সদর থানায় ভারতীয় ন্যায় সংহিতার 147, 148, 152, 238 এবং 61(2) ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, ফোন এবং ল্যাপটপ থেকে কিছু তথ্য মুছে ফেলা হয়েছে, যার বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন।

বায়ুসেনা ও বিশ্ববিদ্যালয়ে চাকরি: জানা গিয়েছে, কুলেন্দ্র শর্মা 2002 সালে অবসর গ্রহণের আগে তেজপুরের সালোনিবাড়িতে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে কাজ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, কুলেন্দ্রর সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সোশাল মিডিয়া মাধ্যমগুলিতে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানানো হয়েছে।