জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসে তীব্র জলসঙ্কটের অবসান, পর্যটন উৎসবের আগে পদক্ষেপ নিল রঘুনাথপুর পৌরসভা

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে অবস্থিত সরকারি যুব আবাসে প্রায় দুই মাস ধরে চলা তীব্র পানীয় জলের সঙ্কটের অবসানে শেষ পর্যন্ত উদ্যোগ নিল রঘুনাথপুর পৌরসভা। জলের অভাবে আবাসের আবাসিক এবং পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল, এমনকি বাধ্য হয়ে তাঁদের বাইরে থেকে পানীয় জল কিনে আনতে হয়েছে।

চলতি গুরুত্বপূর্ণ পর্যটন মরশুমে এবং আসন্ন জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের আগে সমস্যার গুরুত্ব অনুধাবন করে রঘুনাথপুর পৌরসভা দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যুব আবাসে আসা পর্যটকরা জানান, “পানীয় জলের অভাবে আমাদের ভীষণ রকম সমস্যায় পড়তে হচ্ছিল। পান করা তো বটেই, স্নান সহ নিত্যদিনের প্রায় সব কাজেই অসুবিধা হচ্ছে। জয়চণ্ডী পাহাড় বেড়াতে এসে এইভাবে যে পানীয় জলের সমস্যায় পড়তে হবে তা জানতাম না।”

এই পরিস্থিতি সম্পর্কে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান, “পাইপলাইনের মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুততার সঙ্গে নিয়মিত পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। পৌরসভার উদ্যোগে সমস্যার সমাধান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।”

দীর্ঘদিন ধরে চলা এই সঙ্কটে যুব আবাস কর্তৃপক্ষকেও ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা করতে হয়েছিল, কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি কাটেনি। তবে পৌরসভার এই আশ্বাসে অবশেষে আবাস কর্তৃপক্ষ এবং পর্যটকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।