চিংড়িঘাটার মেট্রো জট কাটাতে হাইকোর্টের কড়া নির্দেশ, বুধবার বৈঠকে বসছে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষ, বেঁধে দেওয়া হলো দিনক্ষণ!

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের চিংড়িঘাটা সংলগ্ন অংশের নির্মাণকাজে তৈরি হওয়া জট কাটাতে এবার সরাসরি বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কারা উপস্থিত থাকবেন?
শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, বৈঠকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, মেট্রো রেল কর্তৃপক্ষ এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য সকল পক্ষ উপস্থিত থাকবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, “জনস্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”
বৃহস্পতিবার আদালত বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতে দ্রুত বৈঠক করার নির্দেশ দিয়েছিল। শুক্রবার সেই নির্দেশকে কার্যকর করতে দ্রুততার সঙ্গে দিনক্ষণ ঘোষণা করা হলো। আদালতের নির্দেশ অনুযায়ী, বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো তার একটি রিপোর্ট আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির আগে অবশ্যই পেশ করতে হবে।