SSC নিয়োগ দুর্নীতি, 2016-এর ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের, ইন্টারভিউ নিয়ে ফল যাবে বন্ধ খামে

2016 সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) পরীক্ষায় ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীরা এবার 2025 সালের নতুন নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি নির্দেশ দিয়েছেন যে, এই প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে এবং সেই ফলাফল বন্ধ খামে আদালতে জমা দিতে হবে। ইন্টারভিয়ের ভিডিওগ্রাফি করা হবে কি না, সেই সিদ্ধান্ত গ্রহণের ভার স্কুল সার্ভিস কমিশনের ওপরেই থাকবে।

বয়স পেরিয়ে যাওয়ায় হাইকোর্টে মামলা:

নুপুর ঘোষাল-সহ একাধিক চাকরিপ্রার্থী অভিযোগ করেন যে, 2016 সালের দুর্নীতির কারণে তাঁরা বঞ্চিত হয়েছিলেন এবং ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত ছিলেন। সুপ্রিম কোর্ট 26 হাজার চাকরি বাতিল করার পর সমস্ত যোগ্য বা আনটেন্টেড প্রার্থীদের নতুন পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, তাঁরা নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নথি যাচাইয়ের সময় বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তাঁদের বাদ দেওয়া হয়। এরপরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশ ও নতুন বিতর্ক:

2024 সালে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ 26 হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন। পরে চলতি বছরের 3 এপ্রিল সুপ্রিম কোর্টও 2016 সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে 31 ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। এরপরই SSC নতুন রুল করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং লিখিত পরীক্ষার ফলও প্রকাশিত হয়।

তবে বিচারপতি অমৃতা সিনহা এদিন স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র যে ক’জন মামলা করেছেন, সেই 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে কমিশনকে।

এই নির্দেশের ফলে উপকৃত হলেন 2016 সালের প্রার্থীরা। যদিও এর ফলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ ওই বছর পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়া প্রার্থীরাও একই দাবিতে আদালতে গিয়েছিলেন— দুর্নীতি হওয়ায় চলতি বছরের পরীক্ষায় তাঁদের বয়সে ছাড় দিয়ে বসতে সুযোগ দেওয়া হোক। কিন্তু আদালত সেই সুযোগ দেয়নি। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ইন্টারভিউতে বসার সুযোগ দেওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01