সিকিমে মর্মান্তিক পরিণতি, পাঁচতলা থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিক রাজুর, শোকে স্তব্ধ অন্তঃসত্ত্বা স্ত্রী

সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামের যুবক মহম্মদ রাজুর (২৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে সিকিমে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার একটি পাঁচতলা বিল্ডিংয়ে কাজ করার সময় দুর্ঘটনাবশত নীচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে তড়িঘড়ি সিকিম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
একমাত্র উপার্জনকারী হারাল পরিবার:
পরিবার সূত্রে জানা যায়, মাত্র তিন বছর আগে রাজুর বিয়ে হয়েছিল। বাড়িতে তাঁর বৃদ্ধ মা, এক সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাঁর এই অকালমৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা।
স্থানীয় পঞ্চায়েত সদস্য কুরবান আলি জানান, পরিবারটি বর্তমানে অত্যন্ত আর্থিক সঙ্কটে রয়েছে, কারণ রাজু একাই সংসার চালাতেন।
রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামালউদ্দিন সরকার পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “এই দুঃসময়ে আমরা পরিবারের পাশে আছি। সরকারি সাহায্য যাতে দ্রুত পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।” এলাকার বাসিন্দারা রাজুর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন।