‘বঙ্কিমদা’ বিতর্কের পর ‘মাতা গিনি হাজরা’! সংসদে ফের বাঙালি বীরাঙ্গনার নাম ভুল বললেন বিজেপি সাংসদ, ক্ষোভে ফুঁসছে বাংলার শাসকদল।

বাঙালি মনীষীদের নাম ভুল উচ্চারণ নিয়ে সংসদে বিজেপির শীর্ষ নেতাদের বিতর্ক যেন থামছেই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধন, এরপর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ‘বঙ্কিম দাস চ্যাটার্জি’ বলার পর, এবার বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ দীনেশ শর্মা।

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ দীনেশ শর্মা বাঙালি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম সঠিকভাবে উচ্চারণই করতে পারেননি। তাঁকে বলতে শোনা যায়, ‘মাতা গিনি হাজরা’।

তবে ভুল এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ‘বন্দেমাতরম’ স্লোগান দিয়েছিলেন মাতঙ্গিনী। এর সঙ্গে তিনি যুক্ত করেন আরও এক বিতর্কিত মন্তব্য। বিজেপি সাংসদ বলেন, মাতঙ্গিনী হাজরা মুসলিম ছিলেন। বাঙালি বীরাঙ্গনার এমন অপমানে ক্ষোভে ফুঁসছে বাংলার শাসকদল এবং সাধারণ মানুষ।

মোদি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়: লাগাতার বিতর্কের তালিকা
সংসদে বাঙালি মনীষীদের নাম বিকৃত করার বিতর্ক শুরু হয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বলতে গিয়ে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন।

যদিও তাঁর বক্তব্যের মাঝেই তৃণমূল সাংসদ সৌগত রায় ভুল শুধরে দিয়ে ‘অন্তত বাবু বলুন’ বলে দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী দ্রুত উত্তর দেন, “আমি বঙ্কিম বাবু বলব। ধন্যবাদ, আমি আপনার অনুভূতিকে সম্মান করি।”

এছাড়াও, সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনেই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ভুল উচ্চারণ করে নরেন্দ্র ‘বাজপেয়ী’ বলে ফেলেছিলেন, যদিও পরক্ষণেই তিনি ভুল সংশোধন করে নেন। এই লাগাতার ভুল মন্তব্যের জেরে বাংলায় তীব্র চর্চা শুরু হয়েছে।