ভয়াবহ পথ দুর্ঘটনা অরুণাচলে, ১০০০ ফুট গভীর খাদে পড়ল শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান, মৃত্যু ১৮ জনের, নিখোঁজ ৩।

অরুণাচল প্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। মৃতরা সকলেই অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার হায়ুলিয়াং এবং চাগলাগামের মাঝামাঝি দুর্গম পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান প্রায় ১০০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ওই গাড়িতে থাকা ২২ জন শ্রমিকের মধ্যে ১৮ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৪ দিন পর সামনে এল খবর
দুর্ঘটনার পর চার দিন কেটে যাওয়ার পর ঘটনাটি সামনে আসে। ওইদিন রাতে দুর্ঘটনাস্থল থেকে একমাত্র জীবিত ব্যক্তি বুধেশ্বর দীপ কোনওক্রমে প্রাণে বেঁচে যান। তিনি গত ১০ ডিসেম্বর রাতের দিকে চিপ্রা জিআরইএফ (GREF) ক্যাম্পে পৌঁছে খবর দেন।
লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা নাগাদ এই খবর তাঁদের কাছে পৌঁছয়। দুর্ঘটনাস্থলটি চাগলাগাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি দুর্গম এলাকায় অবস্থিত, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সীমিত।
উদ্ধারকার্যে চ্যালেঞ্জ
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকাটি এতটাই দুর্গম যে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। খাদ থেকে দড়ি দিয়ে টেনে দেহগুলিকে উপরে নিয়ে আসা হচ্ছে। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনীর স্পিয়ার কর্পস, মেডিক্যাল টিম, জিআরইএফ, স্থানীয় পুলিশ এবং এনডিআরএফ কর্মী-সহ একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনসুকিয়ার সিনিয়র পুলিশ সুপার মায়াঙ্ক কুমার বলেন, শ্রমিকরা একটি ছাত্রাবাস নির্মাণের জন্য অরুণাচল প্রদেশে যাচ্ছিলেন। ওই একমাত্র জীবিত ব্যক্তি বুধেশ্বর দীপ বুধবার সকালে তাঁর আত্মীয়দের ফোন করে পথ দুর্ঘটনার বিষয়টি জানান।
মৃত ১৮ জন শ্রমিকের নাম জানা গেছে: রাহুল কুমার, সোমির দীপ, অর্জুন কুমার, পঙ্কজ মানকি, অজয় মানকি, বিজয় কুমার, অভয় ভূমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর তাঁতি, ধীরেন চাত্রিয়া, রোজনি নাগ, দীপ গোওয়ালা, রামসেবক সুনা, সোনাটন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার এবং জুনাশ মুন্ডা।