আইএসএল আয়োজনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চেয়ে ফেডারেশনকে চিঠি মোহনবাগানের, ক্লাব জোটের সঙ্গে নেই ইস্টবেঙ্গল

সম্মিলিতভাবে আইএসএল (ISL) পরিচালনার জন্য ক্লাব জোটের প্রস্তাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সম্প্রতি স্বীকৃতি দিয়েছে। এই আলোর রেখার মাঝেই এবার অন্য এক দাবি নিয়ে ফেডারেশনের কাছে চিঠি পাঠালেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ডিরেক্টর বিনয় চোপড়া।

আইএসএল আয়োজনের একটি দীর্ঘমেয়াদি বাণিজ্যিক পরিকল্পনার দাবি করা হয়েছে সেই চিঠিতে। উল্লেখযোগ্য বিষয় হলো, ফেডারেশনকে পাঠানো এই চিঠিতে ইস্টবেঙ্গল ছাড়া আইএসএলের সমস্ত ক্লাব সই করেছে, যা ক্লাবগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেয়।

চিঠিতে কী লেখা হয়েছে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে লেখা এই চিঠিতে ক্লাবগুলো ঐক্যবদ্ধভাবে জানিয়েছে:

“ক্লাবগুলো ঐক্যবদ্ধ, ইচ্ছুক এবং সাহায্য করতে আগ্রহী। কিন্তু হাতে সময় বিশেষ নেই। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে নেতৃত্বের প্রয়োজন। সেই সঙ্গে দরকার সঠিক পদক্ষেপ। অকারণে বৈঠক আর অজুহাত দিয়ে সময় নষ্ট না করে বাণিজ্যিক দিক থেকে লাভজনক দীর্ঘমেয়াদী কাঠামোর অনুরোধ করা হচ্ছে।”

জট এখনও কাটেনি
আইএসএলের আয়োজন নিয়ে গত কয়েক দিন ধরেই লাগাতার আলোচনা চলছে। ক্লাবগুলোর সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও আলোচনায় বসেছিলেন, কিন্তু কোনো সমাধানসূত্র বের হয়নি। এর মাঝেই ৮ ডিসেম্বর এফএসডিএল-এর (FSDL) সঙ্গে চুক্তিও শেষ হয়ে গিয়েছে, যা ভারতীয় ফুটবলে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বুধবার অবশ্য অন্ধকার সরণীর মধ্যে আলোর রেখা দেখা গিয়েছিল, যখন ফেডারেশন ক্লাব জোটের প্রস্তাবকে স্বীকৃতি দেয়। ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। সেই সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করা হবে। এখন দেখার বিষয়, ক্লাবগুলোর দীর্ঘমেয়াদি বাণিজ্যিক কাঠামোর দাবিতে সবুজ সঙ্কেত মেলে কি না।