মালদহে তৈরি হচ্ছে জাপান-বিখ্যাত ‘সুশি ম্যাট’! বছরে লক্ষ লক্ষ টাকার ব্যবসা, স্বাবলম্বী হচ্ছেন গ্রামের মহিলারা

বাঁশের তৈরি একটি বিশেষ উপকরণ, যা স্থানীয়ভাবে বানা বা সিরকি নামে পরিচিত, তা এখন মালদহ জেলার গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিশা দেখাচ্ছে। এই হস্তশিল্পটিই জাপানে ‘সুশি ম্যাট’ নামে জনপ্রিয়, আর মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি নতুন চৌধুরী পাড়ার মহিলারা এটি তৈরি করেই বছরে লক্ষাধিক টাকা লাভ করছেন।

নদী-পুকুরে মাছ চাষের ঘেরাটোপ তৈরি থেকে শুরু করে সামুদ্রিক এলাকায় শুটকি মাছ শুকানো পর্যন্ত—সারা বছরই এই বাঁশের উপকরণের ব্যাপক চাহিদা থাকে। এক একটি ‘বানা’ বা ‘সিরকি’ বিক্রি হয় ১২০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত দামে।

গুজরাট-মুম্বইয়েও পাড়ি দিচ্ছে মালদহের বানা:

স্থানীয় প্রস্তুতকারক গোবিন্দ চৌধুরী জানান, এই বাঁশের বানাগুলি শুধু মালদহেই নয়, ভিন রাজ্য যেমন গুজরাট, ওড়িশা, এবং মুম্বইয়ের মতো সামুদ্রিক এলাকাতেও রপ্তানি হয়। শুটকি মাছ শুকানোর ম্যাট হিসেবে এর ব্যবহার সর্বাধিক। গ্রামের অধিকাংশ মহিলা এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন।

মহিলারা প্রতি পিস বানা তৈরির জন্য ১৫০ থেকে ২০০ টাকা মজুরি পান এবং সারাদিনে দুই থেকে তিনটি বানা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সহজ বাঁশের উপকরণ তৈরির এই হস্তশিল্পটি মালদহের গ্রামীণ মহিলাদের জন্য লাভজনক রোজগারের এক বিকল্প পথ খুলে দিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01