জয়নগরে প্রথম পশু হাসপাতাল, সারমেয়দের ‘স্পেশ্যাল কেয়ার’! আর ছুটতে হবে না বারুইপুর-কলকাতা

অবশেষে মিলল বহু প্রতীক্ষিত স্বস্তি। এবার আর পোষ্যদের গুরুতর অসুস্থতার জন্য সুদূর বারুইপুর বা কলকাতায় ছুটতে হবে না। জয়নগরে এই প্রথম চালু হলো একটি পূর্ণাঙ্গ পশু হাসপাতাল, যেখানে সমস্ত ধরনের পশু-পাখির চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিশেষ নজর দেওয়া হবে সারমেয়দের (কুকুর) চিকিৎসার উপর।
জয়নগর মজিলপুর পৌরসভার মাঠে ‘অ্যানিমেল কেয়ার প্লাস’ (Animal Care Plus) অনুষ্ঠানের মাধ্যমে এই পশু চিকিৎসালয়টির পথচলা শুরু হয়। দীর্ঘদিন ধরে এই এলাকায় সেভাবে আধুনিক পশু হাসপাতাল না থাকায় পোষ্য মালিকদের ব্যাপক সমস্যায় পড়তে হতো। সরকারিভাবে অন্যান্য পশুর চিকিৎসার ব্যবস্থা থাকলেও, কুকুরের বিশেষ চিকিৎসা পরিষেবা নিয়ে তাদের সমস্যা ছিল প্রকট।
তবে নতুন এই উদ্যোগে খুশি পোষ্য মালিক ও স্থানীয় ‘ডগ লাভার’রা। উদ্যোগী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই চিকিৎসালয়টি পৌরসভার মাঠের পাশে আগামী ছয় মাস প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে। এখানে কুকুরের চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়া একটি কুকুরকে দ্রুত সেলাইন দিয়ে সুস্থ করা হয়।
এই হাসপাতালে শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, গুরুতর অসুস্থ পশুর জন্য বিশেষ চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা এবং ওষুধও প্রদান করা হবে। এই পদক্ষেপ জয়নগর এলাকার পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।