ইতিহাসে প্রথম! মেজর লিগ সকারে টানা দু’বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতে নতুন নজির গড়লেন লিওনেল মেসি

কলকাতায় পা রাখার আগেই মুকুটে যোগ হলো আরও একটি নতুন পালক। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মেজর লিগ সকারের (MLS) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (MVP) পুরস্কার জিতে নিলেন। এটি তাঁর টানা দ্বিতীয়বার MLS-এর সবথেকে মূল্যবান ফুটবলার হওয়ার রেকর্ড।
মেজর লিগ সকারের প্রায় তিন দশকের ইতিহাসে এই প্রথম কোনও ফুটবলার টানা দু’বার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন। এর আগে মাত্র একবার, ১৯৯৭ ও ২০০৩ সালে প্রেকি নামে এক ফুটবলার এই পুরস্কার পেয়েছিলেন।
পড়ন্ত বেলায় সোনার রোদ
কেরিয়ারের শেষ লগ্নে এসেও মেসি তাঁর বাঁ পায়ের জাদুতে সোনালী রোদ্দুর ছড়িয়ে দিচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে তিনি ট্রফি জিতেছেন এবং জিতে নিচ্ছেন একের পর এক ব্যক্তিগত পুরস্কার। চলতি বছরের মেজর লিগ সকারের সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। যদিও সাপোর্টার্স শিল্ড মায়ামির শোকেসে জায়গা পায়নি, তবে এমএলএস কাপ ঘরে তুলেছে মেসির দল।
রবিবার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার মেজর লিগ সকার খেতাব জেতে ইন্টার মায়ামি, যেখানে অ্যাসিস্ট ছিল মেসির। গোটা টুর্নামেন্টেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২৮টি ম্যাচে ২৯টি গোল করে মেসি প্রমাণ করেছেন, তিনি এখনও সেরা ছন্দে রয়েছেন। তাঁর এই ফর্ম স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে স্বস্তি দেবে।
ভোটের ব্যবধানে বিপুল জয়
‘ল্যান্ডন ডোনোভান’ নামে পরিচিত এই মোস্ট ভ্যালুয়েবল পুরস্কারটি ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। ফুটবলার, টেকনিক্যাল স্টাফ এবং সংবাদ মাধ্যমের ভোটে সংশ্লিষ্ট ক্লাবের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়কে বেছে নেওয়া হয়।
এবারের ভোটাভুটিতে মোট ভোটের ৭০.৪৩ শতাংশ পেয়ে মেসি বহু মাইল পিছনে ফেলে দিয়েছেন সান দিয়েগো এফসি-র আন্দ্রেজ ড্রেয়ারকে (১১.১৫%)। এর মাধ্যমে তাঁর জনপ্রিয়তা এবং খেলার গুরুত্ব আবারও প্রতিষ্ঠিত হলো।