মালদহের বাঁধপাড়া বিল থেকে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার, দু’দিন নিখোঁজ থাকার পর রহস্যজনক মৃত্যু; তদন্তে পুলিশ

মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বাঁধপাড়া বিল থেকে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম প্রণব কর্মকার (৪৩)। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন এবং প্রায় দেড় মাস আগে বাড়িতে ফিরেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রণব কর্মকারের খুব শীঘ্রই আবার কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ছিল। গত দু’দিন ধরে তিনি বাড়িতে ফিরছিলেন না। পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন যে তিনি হয়তো কাজের জন্য আবার বাইরে চলে গিয়েছেন।
বুধবার সকালে হঠাৎ এলাকাবাসীর নজরে আসে বাঁধপাড়া বিলের জলে প্রণব কর্মকারের দেহ ভেসে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য দেহটি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তি জলে পড়লেন, বা কীভাবে তাঁর মৃত্যু হলো—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। হঠাৎ এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রণব কর্মকারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।