‘জমিতে অচেনা লোক নয়, চাকরিও দেবেন না’, অসম আন্দোলনের শহিদ স্মারক উদ্বোধনে গুরুত্বপূর্ণ আর্জি হিমন্ত বিশ্বশর্মার

অসম আন্দোলনের শহিদ দিবসে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন, তাঁরা যেন কোনও অচেনা মানুষকে কাজে না রাখেন এবং নিজের জমি বিক্রি না করেন। বুধবার গুয়াহাটির বরাগাঁওয়ে শহিদ স্মারকের উদ্বোধনের সময় এই আর্জি জানান মুখ্যমন্ত্রী।
১৯৭৯ সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো “শহিদদের” উদ্দেশ্যে এই স্মারকটি উৎসর্গ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ২০১৯ সালের ১০ ডিসেম্বর জাতীয় শহিদ স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আজ, আমরা অসম আন্দোলনের শহিদদের স্মরণে একটি সুন্দর শহিদ স্মারক উৎসর্গ করলাম। ১০ ডিসেম্বর আমাদের জন্য একটি পবিত্র দিন, একটি নতুন সংকল্প নেওয়ার দিন।”
তিনি আরও বলেন, “আমি অসম এবং দেশের জনগণকে অনুরোধ করছি যে তাঁরা যেন তাঁদের জমি অচেনা লোকদের কাছে বিক্রি না করেন। আপনাদের শিল্প, ব্যবসা প্রতিষ্ঠানে অচেনা লোকদের চাকরি দেবেন না এবং জমিতে চাষাবাদের জন্য অচেনা লোকদের আনবেনও না।”
প্রধানমন্ত্রীর বার্তা:
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “আজ, শহিদ দিবসে, আমরা অসম আন্দোলনের অংশ ছিলেন এমন সকলের বীরত্বকে স্মরণ করি। এই আন্দোলন সর্বদা আমাদের ইতিহাসে একটি প্রধান স্থান অধিকার করে থাকবে। অসম আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বপ্ন পূরণে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, বিশেষ করে অসমের সংস্কৃতির শক্তিশালীকরণ এবং রাজ্যের সার্বিক অগ্রগতি।”