‘নতুন বাবা-মায়ের কাছে ভালো থেকো’! সন্তানকে নয়, প্রথম কেনা গাড়িকে বিদায় জানালেন অভিনেত্রী অহনা দত্ত

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। রূপসজ্জা শিল্পী দীপঙ্কর দে-কে ভালোবেসে বিয়ে করার পর কিছুদিন আগে তাঁরা কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। কিন্তু এই সব কিছুর মধ্যেই হঠাৎ করে তাঁর ভ্লগে তিনি তাঁদের প্রথম জিনিসকে উদ্দেশ্য করে বললেন, ‘নতুন বাবা-মায়ের কাছে ভালো থেকো।’
এখানে ‘সন্তান’ বলতে অহনা তাঁর মেয়ে মীরাকে নয়, বরং নিজেদের প্রথম কেনা গাড়িকে বুঝিয়েছেন। সম্প্রতি নানা কারণে তাঁরা সেই গাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন, যা তাঁদের কাছে সন্তানের মতোই প্রিয় ছিল।
রবিবার নায়িকা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যায় তিনি গাড়িটিকে বিদায় জানাচ্ছেন। অহনাকে ভ্লগে আবেগঘন কণ্ঠে বলতে শোনা যায়:
“আমাদের সখের গাড়িকে আজ বিক্রি করে দিতে হল। আমাদের একসঙ্গে কেনা প্রথম জিনিস ছিল এটা। আমি আর ও (দীপঙ্কর) যখন আমরা প্রথম রিলেশনশিপে এসেছিলাম তখন আমরা নিজেদের এই গাড়িটা উপহার দিয়েছিলাম। আজও সেই দিনটার কথা মনে পড়ে যেদিন প্রথম শোরুমে গিয়ে এই গাড়িটা দেখেছিলাম, আর নিজেদের হাতে পেয়েছিলাম। ও খুব খুশি ছিল।”
অহনা জানান, এই গাড়ির সঙ্গে তাঁদের বহু স্মৃতি জড়িয়ে আছে। তিনি আরও বলেন, “গাড়িতে প্রথম স্বপ্না যাঁহা গানটা চালিয়ে ছিলাম, যেন আমাদের স্বপ্নপূরণ হল। আমাদের মনে হত গাড়ির প্রত্যেকটা ধুলো পর্যন্ত আমাদের।”
জীবনের সাক্ষী এই গাড়ি
অহনা জানান, এই গাড়িটি তাঁদের জীবনের অনেক মুহূর্তের সাক্ষী। যখন তিনি সন্তানসম্ভবা ছিলেন, তখন তিনি গাড়িতে ‘মম ইন কার’ স্টিকার লাগিয়েছিলেন।
“কত কিছুর সাক্ষী রয়েছে এই গাড়িটা। আমাদের প্রেম, আমাদের বিয়ে, এমনকী আমাদের ছোট্ট সোনা মাকে হাসপাতাল থেকে এই গাড়িটা করেই নিয়ে এসেছিলাম ওর নিজের বাড়িতে। ভাবতে পারিনি যে এই গাড়িটা একদিন আমাদের কাছে থাকবে না। এটা আমাদের বড্ড লক্ষ্মী গাড়ি। কোনো দিন আমাদের কোনো বিপদে ফেলেনি।”
এই গাড়ি করেই তাঁরা মন্দারমণি থেকে শান্তিনিকেতন-সহ নানা জায়গায় ঘুরেছেন। তাই গাড়িটি বিক্রি করার সময় বিদায় বেলায় নায়িকা বলেন:
“কী বলুন তো মা-বাবা তো, মনটা বড্ড খারাপ হয়ে যায়। না না ওকে আমরা দুঃখ পেয়ে বিদায় জানাবো না। আমরা হাসতে হাসতে বলব এরপর তুমি যার হাতেই যাও, তাঁরাও যেন তোমাকে খুব ভালোবাসে। আর তাঁদেরও তুমি লক্ষ্মী গাড়ি হয়ে থেকো। তোমার কথা সারা জীবন মনে থাকবে। তুমি কিন্তু দ্রুত বেগে আরও আরও দৌড়াতে থেকো। ও মম ইন কার ট্যাগটা রয়েই গেল। পরের মা-বাবাকে মনে করে খুলে দিতে বলো।”