বিমানবন্দরে পৌঁছতে দেরি, পার্কিং-এ অসুস্থ হয়ে মৃত্যু! লখনউতে মর্মান্তিক কাণ্ড, হার্ট অ্যাটাক-এর সন্দেহ

গত কয়েকদিন ধরে ইন্ডিগো বিমান পরিষেবা ঘিরে দেশের একাধিক বিমানবন্দরে যাত্রী হয়রানির করুণ চিত্র দেখা দিয়েছে। এরই মাঝে এক মর্মান্তিক ঘটনা ঘটল লখনউয়ের চৌধরী চরণ সিং বিমানবন্দরে। সেখানে এক ফিনান্স এক্সিকিউটিভের অসুস্থতা ও পরে তাঁর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, ৪৬ বছর বয়সী ওই ফিনান্স এক্সিকিউটিভের নাম অনুপ পান্ডে। তিনি উত্তরপ্রদেশের কানপুরের কল্যাণপুরের বাসিন্দা। কানপুর থেকে লখনউতে তিনি বিমান ধরার জন্য আসেন। অনুপ মূলত তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ের সাথে বেঙ্গালুরুতে থাকতেন। পাঁচ দিন আগে তিনি একটি শোকজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিতে কানপুরে এসেছিলেন। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল।
রাস্তায় প্রবল ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে এয়ারপোর্ট পৌঁছতে দেরি হয় ওই ব্যক্তির। এরপরই তাঁর গাড়ি যখন বিমানবন্দরে প্রবেশ করে, তখন এয়ারপোর্টের পার্কিং এরিয়া-তেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সরোজিনি নগরের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
ইন্ডিগোর পরিষেবা ঘিরে গোটা দেশে বিমান চলাচলকে কেন্দ্র করে যখন ব্যাপক চাঞ্চল্য চলছে, তারই মাঝে ট্রাফিকের জেরে বিমান ধরতে এসে এক যাত্রীর এই মর্মান্তিক পরিণতি ঘটল।