তারকেশ্বর, বাঘা যতীনের জন্মজয়ন্তীকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন, মহান বিপ্লবীকে শ্রদ্ধার্ঘ্য জানালো পাঠাগার

ভারতের বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘাযতীন নামে পরিচিত, তাঁর ১৪৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মহৎ উদ্যোগ নেওয়া হল। রবিবার তাঁর জন্মজয়ন্তী উপলক্ষ্যে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় বাঘাযতীন পাঠাগারের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ চ্যাটার্জি, ক্লাব সম্পাদক প্রদীপ দে, ক্লাবের বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার বহু মানুষ। রক্তদাতাদের উৎসাহ দিতে সকলে এগিয়ে আসেন।
এ বিষয়ে ক্লাব সম্পাদক প্রদীপ দে এবং বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ জানান, মহান বিপ্লবী বাঘা যতীনের জন্মজয়ন্তীকে সামনে রেখে তাঁরা প্রতি বছরই এমন ‘সামাজিক যজ্ঞ’ করে থাকেন। তাঁরা আরও জানান, বাঘা যতীন পাঠাগার সারা বছর ধরে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে। এর মধ্যে রয়েছে— শ্রাবণ ও চৈত্র মাসে মন্দিরে আগত তীর্থযাত্রীদের সেবা, এলাকার দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসা এবং অসহায় মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখা।
রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার দুঃস্থ এবং অসুস্থ মানুষের সেবায় এগিয়ে এসে মহান বিপ্লবীকে সম্মান জানালেন বাঘা যতীন পাঠাগারের সদস্যরা।