খড়িবাড়ি, মোমবাতি নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল পানিট্যাঙ্কিতে

মোমবাতি নিয়ে শিশুদের খেলার মারাত্মক পরিণতি। একটি খেলার ছলেই সৃষ্ট আগুন মুহূর্তে পুরো একটি ঘরকে পুড়িয়ে ছাই করে দিল। ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকায়। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা নাগাদ ঘরের শিশুরা মোমবাতি নিয়ে খেলা করছিল। সেই খেলা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়তেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আগুনের ভয়াবহতার মধ্যেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলেও, সৌভাগ্যবশত তেমন বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হলে নকশালবাড়ির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসএসবি (SSB)-এর জওয়ানরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

আগুনের জেরে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়ির মালিক নেপালে ফল বিক্রেতার কাজ করেন। ঘটনার সময় বাড়িতে শিশু ও মহিলারা ছিলেন। তবে, বড় কোনও অঘটন ঘটেনি এবং কোনও হতাহতের খবর নেই। সমস্ত সম্পত্তি নষ্ট হওয়ায় পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01