ঘুমের মধ্যেই পুড়ে ছাই! নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ বছরের তেলঙ্গানার তরুণীর মর্মান্তিক মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাহাজা রেড্ডি উদুমালা (Sahaja Reddy Udumula) নামে এক ভারতীয় তরুণীর। তেলঙ্গানার জানগাঁও জেলার বাসিন্দা ২৪ বছর বয়সী সাহাজা ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন এবং আলবানিতে থাকতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাশের একটি বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা সাহাজার বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, যার ফলে তিনি ঘর থেকে পালাতে পারেননি।
সাহাজার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে GoFundMe-র একটি পোস্টে জানানো হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা জানিয়েছেন, “আলবানিতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতীয় নাগরিক সাহাজা রেড্ডি উদুমালার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।” কনস্যুলেট জানিয়েছে, তারা পরিবারের সাথে যোগাযোগ করছে এবং মৃতদেহ দেশে ফেরাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।
মৃত সাহাজার বাবা উদুমুলা জয়কর রেড্ডি হায়দরাবাদে টিসিএস (TCS)-এর কর্মচারী এবং তাঁর মা গোপুমারিয়া শৈলজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ভারাক্রান্ত বাবা-মা বিদেশ থেকে মেয়ের মৃতেহ ভারতে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহাজার খুড়তুতো ভাই রত্না গোপু অনলাইনে GoFundMe-তে সহায়তার আবেদন জানিয়ে একটি লিঙ্ক তৈরি করেছেন। এই তহবিলের অর্থসাহাজার মরদেহ ভারতে ফিরিয়ে আনা এবং শেষকৃত্যে ব্যবহৃত হবে।