‘ব্যান করতে চাও নাকি?’ ভিডিয়ো ভাইরাল হতেই রেগে আগুন নেটপাড়া, শাহরুখের কাছে কেন বিমলের ট্যাগলাইন বলার জোর?

বলিউডের সুপারস্টার শাহরুখ খান পানমশলা ও গুটখা-র বিজ্ঞাপনে কাজ করা নিয়ে অতীতে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। তাঁর নামে জনস্বার্থ মামলাও হয়েছে। এবার এই একই কারণে এক বিয়েবাড়িতে গিয়ে তিনি এক চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন।
সম্প্রতি শাহরুখ খান দিল্লিতে একটি বিলাসবহুল বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত এক মহিলা অতিথি তাঁকে বিমল কেশরীর ট্যাগলাইন ‘বোলো জুবান কেশরী’ বলার জন্য বারংবার অনুরোধ করতে থাকেন। অভিনেতা প্রথমে হালকা চালে বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, “আপনারা কি চান আমাকে ব্যান করা হোক!”
অতিথির চাপ ও শাহরুখের কড়া জবাব
কিন্তু সেই অতিথিটি বারবার একই অনুরোধ করতে থাকলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ভিডিয়োতে শাহরুখকে অতিথিদের উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “একবার ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করে নাও, তারা তোমার পিছু ছাড়বে না। এই গুটখাওয়ালারাও পারে বটে!”
এরপরও সেই ‘ঘ্যানঘ্যান করা’ মহিলা অতিথি পিছু না ছাড়লে, শাহরুখ খান পুনরায় তাঁকে বলেন, “আমি এটা যখনই বলি, তখনই টাকা নেই। তুমি তোমার বাবাকে বলো ডার্লিং।”
অবশেষে শাহরুখ খান খানিকটা বিরক্ত হয়েই অতিথিকে বলেন, “আমাদের ভালো জিনিস নিয়ে কথা বলা উচিত। আমি এখানে দাঁড়িয়ে জুবান কেশরী বলতে তো আসিনি। এটা ভুল এবং ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। খুব খারাপ হবে ব্য়াপারটা, এসব ভুলভাল কথা বাদ দাও। আপনার জন্য এবার আমাকেও ব্যান করে দেবে… আপনি কি আমার ভক্ত নাকি বিমলের ভক্ত?”
এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটপাড়া ওই অতিথির উপর রীতিমতো ক্ষুব্ধ। নেটিজেনরা শাহরুখের ধৈর্য ও মাথা ঠান্ডা রাখার প্রশংসা করেছেন।
কাজের সূত্রে শাহরুখ
শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট হলো ‘কিং’। গত মাসে তাঁর জন্মদিনে এই সিনেমার ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এতে অভিনয় করছেন শাহরুখের মেয়ে সুহানা খান সহ দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর প্রমুখ।