‘ডিএসপি একজন ক্রিমিনাল’! বীরভূমে পুলিশের গোষ্ঠীদ্বন্দ্ব ফাঁস! ফেসবুক লাইভে এসে উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে বিস্ফোরক সিউড়ি থানার ASI!

সাধারণ মানুষ বা বিরোধীরা তো বটেই, এমনকি শাসক দলের নেতা সৌগত রায়ের মতো ব্যক্তিত্বও প্রায়ই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। কিন্তু এবার একেবারে অভিনব ঘটনা! খোদ পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন পুলিশেরই এক আধিকারিক। বীরভূমে এই ঘটনাকে ‘পুলিশের গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে আখ্যা দিচ্ছেন বিরোধীরা।
ভাইরাল ASI-এর অডিও:
বীরভূমের সিউড়ি থানার এএসআই (ASI) রাজকুমার দাস সম্প্রতি তাঁর ফেসবুকে একটি অডিয়ো পোস্ট করেছেন, যা নিয়ে জেলায় চরম তোলপাড় শুরু হয়েছে। ওই অডিয়োতে তিনি সরাসরি বীরভূমের ডেপুটি পুলিশ সুপার (DSP)-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
ভাইরাল অডিয়োতে এএসআই রাজকুমার দাসকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের ট্রান্সফার করে আমাদের সর্বনাশ করে ডিএসপি আসলে এসপি সাহেবের কাছে ভাল থাকছেন। ডিএসপি-র মতো আর কোনও ক্রিমিনাল নেই। যদি প্রমাণ চান, তাহলে আমি সব প্রমাণ দিয়ে দেব।”
শতাব্দী রায়ের জুতো কাণ্ডের অভিযোগ:
এএসআই রাজকুমারের আরও গুরুতর অভিযোগ, ডিএসপি পুলিশ সুপারকে ভুল বুঝিয়েছেন। তিনি সরাসরি দাবি করেন, সপ্তাহখানেক আগে সাংসদ শতাব্দী রায়কে যখন জুতো মারা হয়েছিল, সেদিন ডিএসপি কুণাল মুখোপাধ্যায় ঘটনাস্থলে ছিলেন। রাজকুমার দাস বলেন, “পুরো দোষ ওঁর। যদি কারও পানিশমেন্ট হওয়ার কথা থাকে, তাহলে সেটা একমাত্র ডিএসপি-র, আর কারও নয়।”
উল্লেখ্য, SIR ক্যাম্প পরিদর্শনে গিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সাংসদের গাড়ি লক্ষ্য করে জুতো উড়ে আসার পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতির উপর হামলাও হয়েছিল।
বিজেপির প্রতিক্রিয়া:
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি ডিএসপি কুণাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সমর্থন করেছে। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি দীপক দাস বলেন, “শতাব্দী রায়ের গাড়িতে যেভাবে জুতো মারা হয়েছে, সেটা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছিল। রাজকুমার দাস যেটা বলেছিলেন, সেটা খুব একটা ভুল নয়। পুলিশের নোংরামি কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। ক্রিমিনাল কি না বলতে পারব না, তবে কুণাল মুখোপাধ্যায়ের যে মদত ছিল, তা অস্বীকার করা যায় না।”