হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড! ১২৮ জনের মৃত্যুর জন্য কি এক নির্মাণকর্মীর সিগারেটই দায়ী? ভাইরাল ভিডিও ঘিরে চরম চাঞ্চল্য!

গত কয়েকদিন ধরে হংকংয়ের সাতটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও প্রকাশ্যে আসায় গোটা বিশ্ব স্তম্ভিত। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। এখনও বহু মানুষ নিখোঁজ, যাঁদের নাম মৃতের তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এত বড়, উন্নত ও সচেতন শহরে কেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে আগুন লাগার ঠিক আগের একটি ভিডিও ঘিরে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এক নির্মাণকর্মীর ধূমপানই কি এতগুলো মানুষের জীবন্ত পুড়ে মরার কারণ হলো?

ভিডিওতে যা দেখা যাচ্ছে:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে, উত্তর তাই পো জেলার ওয়াং ফুক হাউসিং কমপ্লেক্সের ওয়াং ফু কোর্টে আগুন লাগার ঠিক কয়েক মুহূর্ত আগে বহুতলের বাইরের দেয়ালের কাছে এক শ্রমিককে বসে ধূমপান করতে দেখা গিয়েছে। নেটিজেনদের সন্দেহ, এই সিগারেটের আগুন থেকেই হয়তো আশেপাশে থাকা কোনো দাহ্য বস্তুতে আগুন লেগেছিল, যা পরে বিধ্বংসী আকার ধারণ করে।

কেন আগুন দ্রুত ছড়াল?

তাই পো-এর এই অগ্নিকাণ্ডকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। আগুনে ভস্মীভূত হওয়া সাতটি বহুতলে মেরামতির কাজ চলছিল। এর ফলে বাড়িগুলির চারপাশে বাঁশের ভারা বাঁধা ছিল এবং ঝুলছিল প্লাস্টিকের শিট। বাঁশের ভারা, দাহ্য সেফটি-নেট এবং প্লাস্টিকের মতো দাহ্য সামগ্রীর কারণে আগুন অবিশ্বাস্য দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে।

প্রশাসন এই বিপর্যয়ের কারণ সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু না জানালেও, শুক্রবার সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত আটজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই কোনও না কোনওভাবে ওই বাড়ির সংস্কার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার থেকে টানা দু’দিন ধরে চেষ্টা করার পর শুক্রবার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসন জানিয়েছে। তবে দগ্ধ বহুতলগুলিতে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।