আলাস্কা এবং ভারত মহাসাগর, একই দিনে জোড়া ভূমিকম্প! সুনামির আশঙ্কার মাঝে ৩টি আফটারশকের পূর্বাভাস

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বিশ্ব। এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল আলাস্কায়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্পটি আঘাত হেনেছে অ্যাঙ্কোরেজ মেট্রোপলিটন এলাকায়। তবে, এখনও পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। নিউ ইয়র্ক পোস্ট এবং অ্যাসোসিয়েটেড প্রেসের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। এর অবস্থান আলাস্কার সুসিটনা থেকে ১২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, যা অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ১০৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। মিডিয়া পোস্ট অনুসারে, সেখানে প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। ওয়াসিলা এবং পামার এলাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। বর্তমানে সেখানে থ্যাঙ্কস গিভিং ডে-র ছুটি চলছে। উৎসবের মরসুমের মাঝে এই কম্পন স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আপাতত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

ভারত মহাসাগরে জোড়া ভূমিকম্প:

এদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, আলাস্কার কম্পনের দিনই ভারত মহাসাগরেও একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সেখানে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়, যার উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। এর ফলে আফটারশকের আশঙ্কা রয়েছে।

এনসিএস (NCS)-এর তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরে তিনটি কম্পন অনুভূত হয়:

৬.৪ মাত্রা: ২৭/১১/২০২৫, সকাল ১০:২৬:২৫ IST-এ। গভীরতা ছিল ১০ কিমি।

৫.৩ মাত্রা: ২৭/১১/২০২৫, সকাল ১১:০২:৪৫ IST-এ। গভীরতা ছিল ১০ কিমি।

৪.৮ মাত্রা: ২৭/১১/২০২৫, রাত ০১:২৪:২৪ IST-এ। গভীরতা ছিল ১০ কিমি।