দৃষ্টিহীন মহিলাদের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, নেপালকে ৭ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন ‘আলোর পথযাত্রীরা’

কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত দৃষ্টিহীন মহিলাদের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। এই টুর্নামেন্টের প্রথম সংস্করণের শিরোপা জয় করে তাঁরা আবারও প্রমাণ করলেন, প্রতিভা কোনো সীমাবদ্ধতা মানে না। জয় নিশ্চিত হতেই জাতীয় পতাকা নিয়ে হাতে হাত রেখে মাঠের মাঝখান পর্যন্ত দৌড়ে এসে নিজেদের অনন্য অর্জন উদযাপন করেন এই দৃষ্টিহীন ‘আলোর পথযাত্রী’ ক্রিকেটাররা—যাঁদের কেউ আংশিক, কেউ সম্পূর্ণ দৃষ্টিহীন।
অবিশ্বাস্য পারফরম্যান্স
নেপালের দেওয়া ১৫১ রানের টার্গেট ভারতীয় মেয়েরা পূরণ করেছে মাত্র ১২.১ ওভারে। এই ঘটনার তিন সপ্তাহ আগেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এল আরও একটি বিশ্বকাপ জয়। এই উদ্বোধনী টুর্নামেন্টে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ মোট ছয়টি দেশ অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টটি ১১ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল এবং নকআউট পর্ব শ্রীলঙ্কায় আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বাস
দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ সাধারণ মানুষের মনে সেভাবে সাড়া না ফেললেও, এই ট্রেন্ডে গা ভাসাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মেয়েদের জয়ের দিনেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানান। তিনি লিখেছিলেন, “ভারতীয় দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট টিমকে অনেক শুভেচ্ছা জানাই। তাঁরা উদ্বোধনী বিশ্বকাপেই ইতিহাস গড়লেন। প্রথম টুর্নামেন্টেই ভারতের হাতে বিজয়ী পতাকা তুলে দিলেন।”
এরপর বৃহস্পতিবার বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। মেয়েরা তাঁর হাতে একটি স্বাক্ষরিত ব্যাট তুলে দেন, আর মোদীও নিজের স্বাক্ষর করা একটি বল তুলে দেন ক্রিকেটারদের হাতে। তাঁদের এই অনন্য অর্জনকে প্রধানমন্ত্রী বিশেষ সম্মান জানালেন।