অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নতুন গুঞ্জন, হীরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে ‘গোপন ছুটি’ থেকে ফিরলেন মালাইকা আরোরা!

অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন সবসময়ই বি-টাউনের আলোচনায় থাকে। অর্জুন কাপুরের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তাঁর নতুন প্রেমের খবর নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি সেই কৌতূহল আরও বেড়েছে, যখন গত বুধবার মালাইকা এবং তাঁর চর্চিত প্রেমিককে একই সময়ে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। যদিও তাঁরা খানিকটা দূরত্ব বজায় রেখেছিলেন, তবুও নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি—তাঁরা দু’জন একসঙ্গে কোথাও ছুটি কাটাতে গিয়েছিলেন।

এনরিকের কনসার্ট থেকে প্রেমের শুরু?
গত ২৯ অক্টোবর এনরিক ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার হর্ষ মেহতার সঙ্গে মালাইকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। কনসার্ট চলাকালীন তাঁদের মধুর আলাপচারিতা অনেকের চোখে নতুন প্রেমের আভাস হিসেবে ধরা পড়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই জুটির ডেটিংয়ের গুজব ছড়াতে শুরু করে।

কে এই ‘মিস্ট্রি ম্যান’?
যদিও এই ব্যক্তির পরিচয় নিয়ে এখনো কিছু ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মালাইকার এই ‘মিস্ট্রি ম্যান’ হলেন ৩৩ বছর বয়সী হীরে ব্যবসায়ী হর্ষ মেহতা। তবে বেশ কিছু সূত্রের দাবি, তিনি মালাইকার ম্যানেজার।

২৬ নভেম্বর কৌতূহল আরও বাড়ে, যখন মালাইকা এবং তাঁর এই সঙ্গী একসঙ্গে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন। ছবিতে দেখা যায়, মালাইকা প্রথমে বের হন এবং হর্ষ মেহতা মাস্কে মুখ ঢেকে তাঁর পিছনে পিছনে আসছিলেন। পার্কিংয়ে পৌঁছে মালাইকা প্রথমে একটি গাড়িতে ওঠেন এবং কয়েক সেকেন্ড পর হর্ষও সেই একই গাড়িতে উঠে পড়েন।

আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে ৬ বছর সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এবার এই নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে মালাইকা বা হর্ষ কেউই এখনও পর্যন্ত জনসমক্ষে মুখ খোলেননি, তবে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে।