‘জেলের ভিতরে খুন করা হয়েছে ইমরান খানকে’! আফগানিস্তান-পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ভয়ংকর জল্পনা

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর প্রধান ইমরান খান কি আদৌ জীবিত আছেন? গত কয়েকদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই চাঞ্চল্যকর জল্পনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে।
একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে আশঙ্কা প্রকাশ করে দাবি করা হয়েছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে সম্ভবত খুন করা হয়েছে কারাবন্দি ইমরান খানকে। শুধু তাই নয়, আফগানিস্তানের কিছু সংবাদমাধ্যম তো জোরের সঙ্গেই দাবি করেছে যে, জেলের অভ্যন্তরে রহস্যজনক পরিস্থিতিতে ইমরানকে হত্যা করার পর তাঁর দেহ জেলের বাইরে পাচার করে দেওয়া হয়েছে। দুই দেশের একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই দাবিকে সমর্থন করেছেন।
উল্লেখ্য, ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় তাঁকে নিয়ে এমন জল্পনা এই প্রথম নয়। তবে, সম্প্রতি এই গুজব দ্রুত ছড়ানোর পিছনে একটি গুরুতর অভিযোগ কাজ করেছে। পিটিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খানের তিন বোন তাঁর সঙ্গে দেখা করার জন্য রাওয়ালপিণ্ডির জেলের বাইরে এক মাস ধরে ধর্না দিচ্ছিলেন। সেই সময় পুলিশ তাঁদেরকে বেধড়ক মারধর করে। ইমরানের তিন বোনের উপরে পুলিশের এই নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পরই তাঁকে নিয়ে নতুন করে মৃত্যু-জল্পনা ছড়িয়েছে। এই ঘটনার জেরে ইমরানের তিন বোন পাকিস্তানের পঞ্জাবের পুলিশ প্রধানের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এই পরিস্থিতিতে, জেলের অভ্যন্তরে পিটিআই প্রধানের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।