সীমান্ত টহল: কড়া নিরাপত্তায় হাকিমপুরে রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস, হাত নেড়ে অভিবাদন জানালেন গ্রামবাসীকে

সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অধীন বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় পৌঁছলেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। তাঁর এই সফরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই সীমান্তজুড়ে মোতায়েন ছিল বিএসএফ ও জেলা পুলিশের কড়া নজরদারি, জারি ছিল উচ্চ সতর্কতা।
হাকিমপুর সীমান্তে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি, সিও-সহ শীর্ষ স্থানীয় আধিকারিকরা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করে প্রস্তুত ছিলেন। সন্ধ্যা নাগাদ রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস হাকিমপুরে পৌঁছন। তাঁর গাড়ি বহর এগিয়ে যাওয়ার সময় রাস্তা জুড়ে ভিড় করা সাধারণ মানুষকে তিনি হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান এবং স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন। বহু বাসিন্দা তাঁকে হাত তুলে শুভেচ্ছা জানালে তিনিও প্রত্যুত্তরে হাত নেড়ে সাড়া দেন।
হাকিমপুরে নেমেই রাজ্যপাল প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রাথমিক আলোচনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রুখতে নজরদারি আরও জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলি উঠে আসে। বিএসএফের ডিআইজি, সিও ও জেলা পুলিশের আধিকারিকরা এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন।
রাজ্যপাল স্বরূপনগর–টাকি রোড ও তেতুলিয়া রোড ধরে হাকিমপুরে পৌঁছন। পথে টাকি রোডের এক হোটেলে তিনি সংক্ষিপ্ত বিশ্রাম নেন। এরপর সীমান্ত রোড ধরে তিনি পুনরায় যাত্রা শুরু করেন। তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে এখন নিরাপত্তা ও উৎসাহের মিশ্র পরিবেশ। সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে তিনি পরবর্তীতে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।