‘কিডন্যাপ করা হয়েছে’, নিখোঁজ ছাত্রীর মায়ের মন্তব্যে চাঞ্চল্য! তিন নাবালিকার সন্ধানে তদন্তে নামল প্রধাননগর থানার পুলিশ

বান্ধবীর জন্মদিন উদযাপন করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর পঞ্চানন কলোনি এলাকার তিন নাবালিকা স্কুলছাত্রী। নিখোঁজ এই তিন জনই কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী এবং তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। নিখোঁজদের মধ্যে দু’জন সপ্তম শ্রেণীর ও একজন অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে।
ঘটনার বিবরণ:
পরিবারের দাবি, বুধবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ তিন নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায় এক বান্ধবীর জন্মদিন উদযাপন করার জন্য। তারা বাড়িতে জানিয়েছিল যে জন্মদিন পালন করতে একটি ক্যাফেতে যাচ্ছে এবং ২-৩ ঘণ্টার মধ্যে ফিরে আসার কথা ছিল।
যে মেয়েটির জন্মদিন ছিল, তার মা প্রমীলা রায় বলেন, “আমার মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বান্ধবীরা পার্টি দিতে বলেছিল। বাড়িতে খাওয়াবো বলেছিলাম। কিন্তু মেয়ে বলল তিনশো টাকা দাও, বাইরে খাওয়া-দাওয়া করব। তিনশো টাকা দিয়েছিলাম। আমি কাজে বেরিয়ে যাওয়ার পর বেরিয়েছে। এখনও ফেরেনি।”
নিখোঁজদের পরিবারের উদ্বেগ:
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না-ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারের। সারা রাত খোঁজাখুঁজির পরেও তিনজনের কোনও হদিশ না-মেলায় বৃহস্পতিবার সকালে প্রধাননগর থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নিখোঁজ আরেক নাবালিকার মা পম্পা শীল আরও বড় একটি আশঙ্কার কথা বলেন,
“বান্ধবীর জন্মদিন আছে বলে বেরিয়েছিল। দু-তিনঘণ্টার মধ্যে ফিরে আসব বলেছিল। কিন্তু বারবার খোঁজ করেও পায়নি। কারও প্রতি কোনও সন্দেহ নেই। তবে একজন বলছিল যে আমার মেয়েকে নাকি কিডন্যাপ করা হয়েছে।”
পুলিশি তদন্ত:
২৪ ঘণ্টারও বেশি সময় কেটে যাওয়ার পরেও খোঁজ না-মেলায় এলাকার কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে নিখোঁজদের বাড়িতে ভিড় করেন।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “ঘটনায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।” অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।