ভারতের চোখ ধাঁধানো প্রস্তাব, পঞ্চম প্রজন্মের ফাইটার জেট Su-57-এর প্রযুক্তি বিক্রির প্রস্তাব দিল রাশিয়া, দেওয়া হবে সরঞ্জামও!

আকাশ-যুদ্ধে শত্রুকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট সুখোই Su-57 (Sukhoi Su-57)-এর প্রযুক্তি ভারতকে বিক্রি করার প্রস্তাব দিয়েছে মস্কো। শুধু তাই নয়, নয়াদিল্লির যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় সমস্ত মালমশলা দিয়ে সাহায্য করতেও রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ আধিকারিকেরা।

দুবাই এয়ার শো-তে প্রস্তাব:

Dubai Air Show 2025-এর ফাঁকে রুশ সরকারের প্রতিরক্ষা সংস্থা রোজটেক (Rostec)-এর সিইও সের্গেই চেমেজোভ (Sergey Chemezov) বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের মজবুত সম্পর্ক রয়েছে। সে কারণে নয়াদিল্লির প্রতিরক্ষা ক্ষেত্রে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়াতে মস্কো তৈরি।

চেমেজোভ বলেন, “অনেক বছর ধরে ভারত ও রাশিয়া অংশীদারিত্ব চালিয়ে আসছে। ভারত যখন অবরোধের মুখে ছিল, তখন আমরাই ভারতের নিরাপত্তা রক্ষায় অস্ত্র সরবরাহ চালিয়ে গিয়েছি। আজও আমরা ভারতের প্রতি সেই মনোভাবই পোষণ করি। ফলে ভারতে যে কোনও ধরনের সামরিক যন্ত্রপাতি, কৌশল-প্রযুক্তি সাহায্য করতে আমরা প্রস্তুত।”

Su-57 প্রযুক্তির গুরুত্ব:

সুখোই Su-57 যুদ্ধবিমান হলো দুই ইঞ্জিনবিশিষ্ট পঞ্চম প্রজন্মের একটি ফাইটার জেট, যা আমেরিকার F-35 ফাইটার জেটের সমকক্ষ। আকাশ কিংবা ভূমিতে লক্ষ্যভেদে এটি অতুলনীয়।

রোজটেকের সহযোগী সংস্থা ইউনাইটেড এয়ারক্র্যাফ্ট কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল জানান, ভারতের চাহিদা খুবই গুরুত্বের সঙ্গে দেখবে মস্কো।

রাশিয়ার একটি অস্ত্র রফতানিকারক সংস্থার প্রতিনিধি আরও বলেন, “আমরা ভারতের মাটিতে সুখোই নির্মাণের প্রস্তাব দিচ্ছি। দরকার হলে রাশিয়ায় তৈরি করে ভারতেও পাঠিয়ে দেওয়া হবে। এরপর দফায় দফায় সেদেশেই তৈরি করার প্রযুক্তি সহায়তা দেবে রাশিয়া।”

এই রুশ আধিকারিক যখন ভারতকে এই প্রস্তাব দিচ্ছেন, ঠিক সেই সময়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরে রয়েছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।