স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা, আগাম জামিনের আবেদন জানালেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ, কবে শুনানি?

নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা অপহরণ ও খুনের ঘটনায় এবার আগাম জামিন চেয়ে বারাসত জেলা আদালতের দ্বারস্থ হলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও (Block Development Officer) প্রশান্ত বর্মণ। আদালত সূত্রে খবর, গত ১১ নভেম্বর তিনি আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছেন।

আমলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ:

নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবারের দায়ের করা এফআইআরে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের নাম রয়েছে। যদিও বিডিও প্রথম থেকেই খুনের ঘটনার সঙ্গে তাঁর যোগ থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি একটি ষড়যন্ত্র এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।

অভিযোগ উঠেছে, খুনের ঘটনার পর সরকারি নীলবাতি লাগানো গাড়িতে করেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ লোপাট করার চেষ্টা হয়। ফলে, এই খুনের ঘটনায় প্রথম থেকেই বিডিও’র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে তাঁর ভূমিকা সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

আগামী ২৬ নভেম্বর শুনানি:

আগামী ২৬ নভেম্বর বারাসত জেলা আদালতে বিডিও প্রশান্ত বর্মণের আগাম জামিনের আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। প্রশ্ন উঠেছে, শুনানির দিন বিডিও নিজে আদালতে উপস্থিত থাকবেন, নাকি আইনজীবীর মাধ্যমেই প্রক্রিয়াটি সারবেন?

প্রসঙ্গত, সোনার গয়না চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর দত্তাবাদের সোনার দোকান থেকে ব্যবসায়ী স্বপন কামিলাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে নিউটাউনের যাত্রাগাছি বাগজোলা খালপাড় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে রাজু ঢালি, তুফান থাপা, সজল সরকার (তৃণমূলের কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি) এবং বিবেকানন্দ সরকারকে গ্রেফতার করেছে। বিধাননগর কমিশনারেট যখন হত্যাকাণ্ডের জাল গুটিয়ে আনছে, তারই মধ্যে আগাম জামিনের আবেদন জানালেন বিডিও।