দেশবিরোধী রিপোর্টের ফল? জম্মুর কাশ্মীর টাইমসের অফিসে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র, তালা ঝুলল দপ্তরে!

জম্মুর রেসিডেন্সি রোডে অবস্থিত ‘কাশ্মীর টাইমস’ সংবাদপত্রের অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করল জম্মু ও কাশ্মীর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)। তল্লাশিতে একটি AK-47 রাইফেলের গুলি, পিস্তলের কার্তুজ এবং গ্রেনেডের তিনটি লিভার বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
দীর্ঘদিন ধরেই এই সংবাদপত্রের বিরুদ্ধে দেশবিরোধী প্রতিবেদন ছাপার অভিযোগ ছিল। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার অভিযোগে সংবাদপত্রটির বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরেই বৃহস্পতিবার এই অভিযান চালায় SIA। কাশ্মীর টাইমসের পাশাপাশি এর কার্যনির্বাহী সম্পাদক (Executive Editor) অনুরাধা ভাসিনের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।
তল্লাশির সময় সংবাদপত্রটির কম্পিউটারগুলিও খতিয়ে দেখা হয়। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে প্রশাসনের নির্দেশে সংবাদপত্রের শ্রীনগরের অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
যদিও এই অভিযানের পর সংবাদপত্র কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে যে, “আমরা আমাদের কাজ করে যাচ্ছি বলেই আমাদের টার্গেট করা হচ্ছে। এভাবে আমাদের মুখ বন্ধ করা যাবে না।”
বেদ ভাসিন প্রতিষ্ঠিত ‘কাশ্মীর টাইমস’ জম্মু ও কাশ্মীরের অন্যতম পুরোনো সংবাদপত্র। এটি ১৯৫৪ সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয় এবং ১৯৬৪ সালে দৈনিকে রূপান্তরিত হয়। রাষ্ট্রদ্রোহ ও উস্কানিমূলক প্রতিবেদন ছাপার অভিযোগেই এখন এই ঐতিহ্যবাহী সংবাদপত্রটি SIA-এর তদন্তের মুখে।