প্রাথমিক শিক্ষক নিয়োগে ফের আইনি জটিলতা! নোটিস প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে মামলা

বুধবার থেকে রাজ্যে প্রায় ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত নোটিস জারির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতার ইঙ্গিত মিলল। জানা গিয়েছে, শূন্য পদের সংখ্যা নিয়ে অসন্তোষের জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের হয়েছে।
ক্ষোভ শূন্য পদের সংখ্যা নিয়ে:
সূত্রের খবর, দীর্ঘদিন পরে নিয়োগ শুরু হলেও মাত্র ১৩ হাজার ৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণায় চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই মামলার অন্যতম মুখ বিদেশ গাজী প্রশ্ন তুলেছেন, কেন প্রাথমিক শিক্ষক নিয়োগে এই ১৩ হাজার ৪২১টি ভ্যাকেন্সি সহ পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশ করা হলো?
যদিও এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই ১৩ হাজার ৪২১টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন প্রাপ্ত। তবে চলতি বছরে রাজ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা:
আদালত (Calcutta High Court) সূত্রে খবর, বৃহস্পতিবারই এই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি উঠতে পারে বলে জানা গেছে। নোটিস প্রকাশের ঠিক পরের দিনই নিয়োগের বিরুদ্ধে মামলা হওয়ায় শিক্ষামহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যে বহু TET উত্তীর্ণ যোগ্য প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিলেন, নিয়োগপ্রক্রিয়া আইনি জটিলতায় জড়িয়ে পড়ার এই খবর সামনে আসতেই তাঁদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এখন সবার নজর বৃহস্পতিবারের হাইকোর্ট শুনানির দিকে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হলে আদালত কী নির্দেশ দেন, তার ওপরই আগামী দিনে এই বিপুল সংখ্যক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।