নাম, ঠিকানা সব গায়েব! ডিসেম্বরের শেষে আসছে নতুন আধার কার্ড, জেনে নিন কী বদল আসছে?

আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর সিইও ভুপেশ কুমার সম্প্রতি এই ঘোষণা করেছেন। নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ডিসেম্বর মাসের শেষ থেকেই এই নতুন আধার কার্ড ইস্যু করা শুরু হবে।
কেমন হবে নতুন আধার কার্ড?
UIDAI সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, জন্ম তারিখ—এই ধরনের কোনও ব্যক্তিগত তথ্য দৃশ্যমান থাকবে না। নতুন কার্ডে শুধু ছবি এবং একটি কিউআর কোড থাকবে। এই কিউআর কোডেই লুকিয়ে থাকবে নাগরিকের যাবতীয় তথ্য।
এই গোপন তথ্য যাচাই করার জন্য একটি নতুন আধার অ্যাপ আনা হচ্ছে। এম-আধার (mAadhaar)-এর বদলে এই নতুন অ্যাপটি ব্যবহার করা হবে। এই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলেই মিলবে সকল তথ্য।
তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত কেন?
UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থাগুলি আধার কার্ডের তথ্য সংগ্রহ করে, কিন্তু সেই তথ্যের সুরক্ষার কোনো নিশ্চয়তা থাকে না। ব্যক্তিগত তথ্য যাতে বেহাত না হয়, সেই কারণেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
UIDAI সিইও ভুপেশ কুমার নিশ্চিত করেছেন, ডিসেম্বরের শেষ থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে। ভেরিফিকেশনের জন্য নতুন আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে, সেই ডেটা UIDAI-এর কাছে সুরক্ষিত থাকবে, যা তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।