দিল্লি-কলকাতা মাত্র ২ ঘণ্টা ৪৫ মিনিট! ৬ ঘণ্টায় ভুবনেশ্বর, কবে আসছে ভারতের ‘ফ্লাইং ট্রেন’?

দেশের প্রথম বুলেট ট্রেন এবার বাস্তবের পথে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাতের সুরাত থেকে ভাপি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার অংশ নিয়েই প্রথম বুলেট ট্রেন করিডরের কাজ শুরু হবে। এটিই হবে দেশের প্রথম উদ্বোধনী রুট, যা ২০২৭ সালের অগাস্ট মাসের মধ্যেই চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ২০২৯ সালের মধ্যে আহমেদাবাদের সবরমতী এবং মুম্বইয়ের মধ্যে সম্পূর্ণ উচ্চগতির রেল করিডর নির্মাণ সম্পন্ন হবে। এই প্রাথমিক অংশটি ধীরে ধীরে ৫০৮ কিলোমিটার রুটে সম্প্রসারণ করা হবে। আহমেদাবাদ-মুম্বই রুট চালু হলে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিটেই এই দূরত্ব অতিক্রম করতে পারবে বুলেট ট্রেন, যা ভারতীয় রেলওয়ের জন্য এক বিরাট মাইলফলক।

গতি ও সময়সূচি:

আহমেদাবাদ-মুম্বইয়ের মধ্যে ৫০৮ কিলোমিটারের করিডরে ট্রেনগুলি মোটামুটি ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ছুটবে। চারটি স্টপেজ থাকলে পুরো যাত্রাপথ শেষ করতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। তবে যদি ট্রেনটি ১২টি স্টেশনে থামে, সেক্ষেত্রে মোট যাত্রার সময় লাগবে ২ ঘণ্টা ১৭ মিনিট।

প্রধানমন্ত্রীর সন্তোষ ও ভবিষ্যৎ পরিকল্পনা:

সুরাটে প্রকল্পের সাম্প্রতিক পর্যালোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, এই প্রকল্পে অর্জিত দক্ষতা ও প্রযুক্তি দেশের অন্যান্য উচ্চগতির রেল প্রকল্পে এবং অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত।

প্রাথমিক করিডর পরিকল্পনায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা না থাকলেও, রেল ভুবনেশ্বর, কটক, পুরীর মতো স্টেশনকেও এই হাই-স্পিড রেল ম্যাপের অন্তর্ভুক্ত করতে চাইছে। পরবর্তী সময়ে রেলের এই নেটওয়ার্কে বাংলাও অন্তর্ভুক্ত হতে পারে।

বিমানকে টেক্কা দেবে ট্রেন:

যদি রেলের এই উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হয়, তবে দিল্লি থেকে ভুবনেশ্বর যেতে ২৭ থেকে ৩০ ঘণ্টার পরিবর্তে মাত্র ৬ ঘণ্টারও কম সময় লাগবে। দিল্লি থেকে কলকাতা পৌঁছে যাবে মাত্র ২ ঘণ্টা ৪৫ মিনিটে। অর্থাৎ, বিমানের প্রায় সমান সময়েই ট্রেনে চেপে শুয়ে-বসে দিল্লি-কলকাতা যাতায়াত করা সম্ভব হবে, যা যাত্রীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন।