গান্ধী ময়দানে মেগা ইভেন্ট! মোদী-শাহের উপস্থিতিতে শপথ নেবেন নীতীশ, মন্ত্রিত্ব পাচ্ছে ক’টি দল?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়তে চলেছেন নীতীশ কুমার। আজ, বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে বেলা ১১:৩০টায় এই মেগা শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মতো মোদি মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও উপস্থিত থাকবেন এনডিএ জোটের শরিকদের মধ্যে চন্দ্রবাবু নায়ডু এবং একনাথ শিণ্ডের মতো শীর্ষ নেতারা।
দুই উপমুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার চিত্র:
বুধবার বিজেপির পক্ষ থেকে সম্রাট চৌধুরীকে বিধায়কদের দলনেতা এবং বিজয় কুমারকে ডেপুটি লিডার হিসাবে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচনের ফলে এটা স্পষ্ট যে এঁরা দু’জনই হতে চলেছেন বিহারের এনডিএ সরকারের উপ-মুখ্যমন্ত্রী।
২০২৫ সালের বিহার নির্বাচনে জেডি(ইউ) এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে জোটের দখলে এসেছে ২০২টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ৮৯টি আসন, জেডি(ইউ) ৮৫টি, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১৯টি, হিন্দুস্তানি আওম মোর্চা (ধর্মনিরপেক্ষ) পাঁচটি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসন পেয়েছে।
জানা যাচ্ছে, নীতীশ কুমারের সঙ্গে মোট ২২ জন মন্ত্রী মন্ত্রিপদে শপথ নিতে পারেন। সম্ভাব্য মন্ত্রিত্বের বন্টন অনুযায়ী, বিজেপি পেতে পারে ৯টি মন্ত্রিত্ব, জেডি(ইউ) ১০টি, এলজেপি (রাম বিলাস) ৩টি এবং জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়ামি মোর্চা ও উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব।
স্পিকার পদে চর্চা:
পরবর্তী স্পিকার হিসাবে প্রবীণ জেডি(ইউ) নেতা বিজয় চৌধুরী এবং প্রবীণ বিজেপি নেতা প্রেম কুমারের নাম জোর চর্চায় রয়েছে। নীতীশের নতুন মন্ত্রিসভায় ৫-৬টি নতুন মুখ দেখা যেতে পারে, যার মধ্যে এলজেপি (রাম বিলাস) ও এইচএএম পার্টির জন্য দু’টি মন্ত্রিত্ব বরাদ্দ থাকবে বলে মনে করা হচ্ছে।