‘প্রাণ বাঁচাতে’ রেলের কড়া বার্তা! লেভেল ক্রসিংয়ে চরম অসাবধানতা, কড়া হচ্ছে রেলওয়ে আইন!

বারবার সতর্ক করা সত্ত্বেও যাত্রীদের মধ্যে লেভেল ক্রসিং বা রেললাইন পার হওয়ার বিপজ্জনক প্রবণতা কমছে না। ফের এই মারাত্মক প্রবণতা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি জরুরি আহ্বান জানালো রেল কর্তৃপক্ষ।

মাঝেমধ্যেই লেভেল ক্রসিংয়ে কিংবা রেললাইনে দুর্ঘটনার খবর আসছে। কিছুদিন আগে সোদপুরে লেভেল ক্রসিংয়ে নিয়ম না মেনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ট্রেনের ধাক্কা লাগা কিংবা শিয়ালদহ দক্ষিণ শাখায় লাইন পেরোতে গিয়ে বাইক ফেলে ট্রেনের সামনে চলে যাওয়ার মতো মারাত্মক ঘটনাগুলি এখনও সকলের মনে টাটকা। এইসব দুর্ঘটনার প্রধান কারণ হল মানুষের চরম অসাবধানতা।

নিরাপত্তা বাড়াতে চাইছে রেল:

শিয়ালদহ রেল এবার সমগ্র বিভাগেই নিরাপত্তা বাড়াতে বদ্ধপরিকর। কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে অনেকেই লেভেল ক্রসিংয়ের সঠিক নিয়ম না মেনে গেট নামার পরেও তার নীচ দিয়ে বা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত ক্ষতিকারক। অনেক ক্ষেত্রেই গেটম্যান না থাকা বা সরঞ্জামের ত্রুটি থাকলেও বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী মানুষের সচেতনতার অভাব।

জীবনের ঝুঁকি ছাড়াও বড় ক্ষতি:

অবৈধভাবে রেলপথ অতিক্রম করা কেবল যাত্রীর জীবনের ঝুঁকি বাড়ায় না, বরং দ্রুতগামী ট্রেনেরও ক্ষতি করতে পারে। এই ধরনের ঘটনাগুলি রেলওয়ে অবকাঠামো এবং ব্যক্তিগত জিনিসপত্রের ব্যাপক ক্ষতি করে, যার ফলে পরিষেবা ব্যাহত হয় এবং হাজার হাজার অন্যান্য যাত্রী চরম ভোগান্তির শিকার হন।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রীদের রেললাইন পারাপারের সময় শুধুমাত্র নিরাপদ এবং নির্ধারিত রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সঠিক পথ অনুসরণ করাই মূল্যবান জীবন বাঁচাতে পারে। তিনি আরও মনে করিয়ে দেন যে, ভারতীয় রেল আইনের অধীনে রেলপথে অবৈধভাবে প্রবেশ বা রেলপথ অতিক্রম করা কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ। এবার থেকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রেল।