‘দাউদ ইব্রাহিমের পার্টিতে যোগ দিতেন নায়িকারা’, তাহির ডোলার দাবিতে নড়েচড়ে বসল পুলিশ, ফেঁসে গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি

মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল (ANC) ২৫২ কোটি টাকার মাদক মামলায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি ওরফে ওরহান অওত্রামানিকে সমন পাঠিয়েছে। জানা যাচ্ছে, কাল, অর্থাৎ ২০ নভেম্বর সকাল ১০টায় ওরিকে অ্যান্টি নারকোটিক্স সেলের ঘাটকোপার ইউনিটে হাজিরা দিতে বলা হয়েছে। এই চাঞ্চল্যকর মামলায় এর আগে অভিনেত্রী শ্রদ্ধা কপূর এবং নোরা ফতেহি-সহ একাধিক বলিউড ব্যক্তিত্বের নাম জড়িয়েছিল।
অভিযোগ ছিল, এই তারকারা নাকি মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলার ডাকা পার্টিতে অংশ নিতেন। সম্প্রতি মুম্বই পুলিশ মাদক পাচার চক্রের তদন্ত শুরু করলে সেলিম ডোলার নাম উঠে আসে। জানা যায়, দুবাই থেকে এই চক্র চালিত হত। সংযুক্ত আরব আমিরশাহী থেকে তাহির ডোলাকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসা হয়েছে।
পুলিশ সম্প্রতি তাহিরকে জেরা করে, আর সেখানেই উঠে আসে শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি, শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকী, ওরি এবং আরও অনেকের নাম। অভিযুক্ত তাহের দাবি করেছে যে, সে নিজে দেশ ও বিদেশে এই পার্টিগুলির আয়োজন করত এবং এই বলিউড ব্যক্তিত্বদের মাদক সরবরাহ করত। এই মামলায় প্রায় ২৫২ কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।
নোরা ফতেহির প্রতিক্রিয়া
প্রসঙ্গত, এই ঘটনায় এর আগে অভিনেত্রী নোরা ফতেহি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গোটা অভিযোগ অস্বীকার করেছিলেন। নোরা জানিয়েছিলেন, তিনি কোনও পার্টিতে যান না। তাঁর জীবনের অধিকাংশ সময়ই কাটে ফ্লাইটে এবং তাঁকে কাজের জন্য চারিদিকে ছুটে বেড়াতে হয়। তাঁর ব্যক্তিগত কোনও জীবনই নেই এবং তিনি সেভাবে মানুষের সঙ্গে মেশেন না। ফলে এই সমস্ত ঘটনায় তাঁর নাম জড়ানোর কোনও প্রশ্ন ওঠে না। তিনি কাজ নিয়েই থাকতে ভালবাসেন এবং অন্য কোনও কিছুর সঙ্গেই তাঁর সম্পর্ক নেই।
এবার ওরিকে সমন পাঠানোর পর তদন্ত কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।