শতরানের খরা কাটলেও কাটল না মেজাজ! আউট হয়ে স্টাম্পে ব্যাট দিয়ে মার, বাবর আজমের বড় শাস্তি দিল আইসিসি

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে ব্যাট হাতে শতরানের খরা কাটিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। ৮৩৭ ইনিংস পর তাঁর আন্তর্জাতিক শতরান পাকিস্তানকে সিরিজ জিততে সাহায্য করেছিল। তবে সেঞ্চুরিতে ফেরার পরের ম্যাচেই এমন এক কাণ্ড ঘটালেন বাবর, যার জন্য তাঁকে বড়সড় জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের জেরে তাঁর নামে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্টও।
শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ক্লিন স্যুইপ করেছে পাকিস্তান। কিন্তু বাবর আজম ‘কু-কীর্তিটি’ করে বসেন সিরিজের শেষ ম্যাচেই। তৃতীয় ওয়ান-ডে ম্যাচে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে হতাশায় ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন তিনি। ম্যাচ অফিসিয়ালরা এই আচরণ মোটেই ভালো চোখে দেখেননি। আইসিসি-র নিয়মবিধির ২.২ ধারা লঙ্ঘন করার অপরাধে বাবরকে শাস্তি দেওয়া হলো।
এই ডিমেরিট পয়েন্ট গত দু’বছরে বাবরের নামে যোগ হওয়া প্রথম পয়েন্ট। বাবর এই শাস্তি গ্রহণ করে নেওয়ায় অবশ্য আর কোনও শুনানির প্রয়োজন হয়নি।
কী ঘটেছিল ম্যাচে?
ঘটনাটি ঘটে গত ১৬ নভেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ম্যাচে। আগের ম্যাচেই সেঞ্চুরির খরা কাটিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন বাবর। কিন্তু তৃতীয় ম্যাচে তাঁর ইনিংস ৩৪ রানের বেশি লম্বা হয়নি। জেফেরি ভ্যান্ডারসের ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে হতাশা গোপন রাখতে পারেননি তারকা পাক ব্যাটার। আউট হয়ে যাওয়ার পর ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন তিনি। দুই অন-ফিল্ড আম্পায়ার (অ্যালেক্স হোয়ার্ফ ও রশিদ রিয়াজ) এবং অন্যান্য আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে বাবর আজমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইসিসি জানিয়েছে, ব্যাট দিয়ে উইকেটে আঘাত করে বাবর আজম লেভেল-ওয়ান বা প্রথমস্তরীয় অপরাধ করেছেন। লেভেল-ওয়ান অপরাধে ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং সর্বাধিক দু’টি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। যদিও বাবরের ক্ষেত্রে শাস্তি ততটা গুরুতর হয়নি।
বাবরের রেকর্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর ১১৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাটে ভর করেই ২৮৯ রান তাড়া করে সিরিজ জিতেছিল পাকিস্তান। ৮০৭ দিন পর আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে বাবর কিংবদন্তি সঈদ আনোয়ারকে ছুঁয়েছিলেন। প্রাক্তনীকে ছুঁয়ে পাক ব্যাটার হিসেবে ওয়ান-ডে’তে সর্বাধিক ২০টি সেঞ্চুরির নজির গড়েছিলেন তিনি।