শীত আসছে, যাচ্ছে! তাপমাত্রার পারদ ফের বাড়বে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা, জানুন রাজ্যজুড়ে আবহাওয়ার লেটেস্ট আপডেট!

তীব্র শীতের আগমনী বার্তা নিয়ে বঙ্গজুড়ে চলছে তাপমাত্রার খামখেয়ালিপনা। যেখানে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা সরিয়ে রোদের দেখা মিলছে, সেখানে সন্ধ্যা নামতেই পুরুলিয়া জেলা কাঁপছে কনকনে ঠান্ডায়। এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা নভেম্বরের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে শীত পড়ার স্পষ্ট ইঙ্গিত।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল অবস্থা। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকলেও, এরপর ফের পারদ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। ফলে শীতের আমেজ কিছুটা কমবে। তবে উপকূল সংলগ্ন এলাকাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রার পারদ ওঠানামা করবে। পূর্বাভাস অনুযায়ী, খুব শীঘ্রই গোটা দক্ষিণবঙ্গ শীতে কাবু হবে।

উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা ২-১ ডিগ্রি বাড়তে পারে। তবে পার্বত্য অঞ্চল ঢাকা থাকবে ঘন কুয়াশায়। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ অন্যান্য জায়গায় হালকা কুয়াশার দেখা মিলবে। উত্তরবঙ্গবাসী বর্তমানে শীতের ভরপুর আমেজ উপভোগ করলেও, পাকাপাকি ভাবে তীব্র শীত পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে।