শেখ হাসিনার রায় আজ! ঢাকা এখন অগ্নিগর্ভ, ‘গুলি চালানোর’ নির্দেশ নিয়ে ইউনূস সরকারের ওপর তীব্র চাপ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার প্রথম রায়দান আজ, সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ সামলাতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাত আলী ‘গুলি চালানোর’ নির্দেশ দিয়েছেন বলে খবর।

ফের কি সেই একই ভুল?

ঢাকা মহানগর পুলিশের কমিশনারের এই নির্দেশের পরই বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে—যে কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই একই ভুল কি তাহলে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আবারও করতে চলেছে? উল্লেখ্য, গত বছর জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের হয়েছিল।

মৃত্যুদণ্ডের আবেদন, আজ সাজা ঘোষণা

মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) আজ শেখ হাসিনাসহ মোট তিনজনের সাজা ঘোষণা করবে। অভিযোগ, গত বছরের জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়। প্রসিকিউশন পক্ষ এই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছিল।

রায় ঘোষণার আগে আওয়ামী লীগ দেশজুড়ে ‘লকডাউন’ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে জারি করতে হয়েছে হাই অ্যালার্ট।