বারান্দার সবজি চাষে আপনিও? বেগুন গাছ বাঁচানোর সহজ ‘অস্ত্র’ লুকিয়ে আপনার রান্নাঘরে!

আজকাল বারান্দা, ছাদ বা ছোট বাগানে সবজি চাষের চল বেড়েছে। বিশেষ করে বেগুন, করলা, বা লাউয়ের মতো ফলন ঘরে ফলাতে পছন্দ করেন অনেকেই। তবে, বাড়িতে সবজি চাষ করতে গেলে বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। সামান্য নজর এড়ালেই বেগুন গাছে পোকার আক্রমণ হতে পারে, যা দ্রুত আপনার সব সাধের গাছ নষ্ট করে দেয়।
বেগুনের চাষ রক্ষা করতে, বিশেষত সাদা ও হলুদ রঙের পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। জেনে নিন বেগুন গাছকে পোকামাকড় মুক্ত রাখার সহজ উপায়:
১. নিম তেলের ঘরোয়া স্প্রে: খুব সহজে আপনি এই কার্যকর স্প্রেটি বাড়িতে তৈরি করতে পারেন। ১ লিটার জলে ২ চা চামচ নিম তেল এবং ১ চা চামচ সাবান ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে বেগুনের পাতায় প্রয়োগ করুন। নিম তেল অত্যন্ত শক্তিশালী কীটনাশক হিসেবে কাজ করে, যা দ্রুত পোকামাকড় মেরে ফেলে এবং তাড়িয়ে দিতে সাহায্য করে।
২. লঙ্কা ও রসুনের মারাত্মক মিশ্রণ: পোকামাকড় তাড়াতে কাঁচা লঙ্কা ও রসুনের ঝাঁঝালো গন্ধ খুবই কার্যকরী। ২টি কাঁচা লঙ্কা এবং ১টি রসুনের কোয়া পিষে নিন। এই পেস্টটি ১ লিটার জলে মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হওয়ার পর বোতলে ভরে সংরক্ষণ করুন। গাছের পোকার আক্রমণের তীব্রতা বুঝে দিনে একবার বা দুবার এই স্প্রে ব্যবহার করা যেতে পারে। যদি আক্রমণ কম হয়, তবে সপ্তাহে একবার ব্যবহারই যথেষ্ট। রসুনের কড়া গন্ধে পোকারা ধারেকাছে আসে না।
৩. পরিবেশ পরিচ্ছন্ন রাখুন ও তুলসী গাছ লাগান: গাছকে পোকামাকড় মুক্ত রাখতে আপনার বাগানের চারপাশ পরিষ্কার রাখা খুব জরুরি। আবর্জনা জমলে পোকারা দ্রুত আকৃষ্ট হয়। এছাড়া, বেগুন গাছের কাছাকাছি তুলসী এবং ধনেপাতা গাছ লাগান। এই গাছগুলি প্রাকৃতিকভাবেই অনেক ক্ষতিকারক পোকাকে দূরে রাখতে সাহায্য করে। এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনার বেগুন গাছের বৃদ্ধিকে সুরক্ষিত রাখবে।