সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনা: ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাসে আগুন, ৪২ ভারতীয় উমরাহ তীর্থযাত্রীর মৃত্যুর আশঙ্কা

সোমবার ভোরে সৌদি আরবের মুফরিহাটের কাছে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি তীর্থযাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, এই দুর্ঘটনায় নিহত যাত্রীদের বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে।

ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। এর ফলে তাঁরা পালানোর সুযোগ পাননি এবং আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়। বাসে প্রায় ২০ জন মহিলা এবং ১১ জন শিশু ছিল বলেও জানা গেছে।

যদিও স্থানীয় সূত্রে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, সৌদি প্রশাসনের তরফে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। জরুরি দল এবং স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং নিহতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

সরকারের তৎপরতা ও কন্ট্রোল রুম চালু
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনার খবর জানার পরই শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিব রামকৃষ্ণ রাও এবং ডিজিপি বি শিবধর রেড্ডিকে জরুরিভিত্তিতে ঘটনার বিশদ তথ্য সংগ্রহ করতে এবং বিদেশ মন্ত্রক ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।

তেলেঙ্গানা সচিবালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বজনহারাদের খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর হল: ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।

হায়দ্রাবাদের সাংসদ আসাউদিন ওয়েইসি দু’টি হায়দ্রাবাদ-ভিত্তিক ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের তথ্য রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে শেয়ার করেছেন।

সাংসদ ওয়েইসি কেন্দ্রীয় সরকারের কাছে, বিশেষ করে বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে মৃতদেহগুলি দ্রুত ভারতে ফিরিয়ে আনা হয় এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়।