দিল্লি বিস্ফোরণকাণ্ডে পাকিস্তান-বাংলাদেশ যোগের ইঙ্গিত, মুর্শিদাবাদে বিস্ফোরক এনেছিল পলাতক ইখতিয়ার!

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণকাণ্ডের তদন্তে পাকিস্তান ও বাংলাদেশের যোগসাজোশ ক্রমশ সুস্পষ্ট হচ্ছে। এই ঘটনায় আরও এক ব্যক্তির নাম উঠে আসছে, যার নাম ইখতিয়ার। জানা যাচ্ছে, এই ইখতিয়ারের শেল্টারেই বিস্ফোরকগুলি রাখা হয়েছিল, যা দেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এই বিস্ফোরকের কিছু অংশ বাংলার মুর্শিদাবাদেও ঢুকেছিল বলে তথ্য মিলেছে। বর্তমানে ইখতিয়ার পলাতক।

দিল্লির বিস্ফোরণকাণ্ডে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) যোগসাজোশ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। লখনউ থেকে ধৃত শাহিন হোক বা ফরিদাবাদ থেকে ধৃত মুজাম্মিল কিংবা শ্রীনগর থেকে ধৃত আদিল—তদন্তকারীরা এঁদের প্রত্যেকের সঙ্গেই জইশ-যোগ খুঁজে পেয়েছেন। এর ফলে দেশের অন্দরে গড়ে ওঠা জইশ-নেটওয়ার্কের প্রাথমিক হদিশও মিলেছে।

যদিও তদন্তের এই পর্যায়ে পুরো বিষয়টি এখনও চূড়ান্ত নয় এবং কিছু তথ্য এখনও ‘ভাসা-ভাসা’ পর্যায়ে রয়েছে। তবে ইখতিয়ারের নাম উঠে আসা এবং মুর্শিদাবাদের সঙ্গে বিস্ফোরকের সংযোগের বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলির কাছে নতুন উদ্বেগের কারণ হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থা পলাতক ইখতিয়ারের খোঁজ চালাচ্ছে এবং এই নেটওয়ার্কের পূর্ণাঙ্গ চিত্র উদঘাটনের চেষ্টা করছে।