অবৈধভাবে জলসীমা অতিক্রম, ২৯ বাংলাদেশি মৎস্যজীবী-সহ ট্রলার আটক করে ফ্রেজারগঞ্জ থানায় হস্তান্তর করল উপকূলরক্ষী বাহিনী

অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। বর্তমানে এই মৎস্যজীবীদের সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।
বঙ্গোপসাগরে নিয়মিত টহলদারি চালানোর সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে বাংলাদেশের ‘এফবি আমিনা গণি’ নামক একটি ট্রলার। ট্রলারটিতে ২৯ জন মৎস্যজীবী ছিলেন। জানা যায়, ট্রলারটি আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে ভারতীয় জলসীমার ভেতরে ঢুকে পড়েছিল। সঙ্গে সঙ্গেই এই বাংলাদেশি ট্রলারটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মৎস্যজীবী-সহ ট্রলারটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে।
এরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ওই বাংলাদেশীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়। এ সময় সুন্দরবন পুলিশ জেলার সাগরের এসডিপিও এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অধিকারিকেরা উপস্থিত ছিলেন।
গ্রেফতার হওয়া মৎস্যজীবীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের কক্সবাজার এলাকার বাসিন্দা। ২৯ জন বাংলাদেশি কী সত্যিই মৎস্যজীবী ছিলেন, না কি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা জানতে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আজ দুপুরে বাংলাদেশি ২৯ জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
ঠিক কী কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখে এই মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।