জমির বচসা থামাতে গিয়ে রণক্ষেত্র মুর্শিদাবাদ! বাঁশের আঘাতে মাথা ফাটল কান্দি থানার IC-র, সেলাই পড়ল মাথায়

জমি সংক্রান্ত বিবাদের বচসা মেটাতে গিয়ে খোদ থানার আইসি আক্রান্ত হওয়ায় মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা শুক্রবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করায় রক্তক্ষরণ শুরু হয় এবং মাথায় একাধিক সেলাই পড়েছে। এছাড়াও আহত হয়েছেন পুলিশ কর্মী মফিজুল হক ও জামিউল হক।

৪ বিঘা জমি নিয়ে বিবাদ, আক্রান্ত পুলিশ
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গোকর্ণ ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় চার বিঘা চাষের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একটি তীব্র বচসা ও মারামারি শুরু হয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক (SDPO) সাস্রেক আম্বেদর এবং কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

দুই পক্ষের বচসা থামাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। কান্দি থানার আইসি মৃণাল সিনহার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে মাথা ফেটে যায় আইসি-র। আহত তিন পুলিশ কর্মীকে দ্রুত উদ্ধার করে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

এলাকায় চরম উত্তেজনা, মোতায়েন পুলিশ বাহিনী
এই ঘটনার পর গোকর্ণ গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামজুড়ে ভাঙচুর হওয়া একাধিক মোটর বাইকও উদ্ধার হয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, জমি বিবাদকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং পুলিশ আসতেই আক্রমণের ঘটনা ঘটে।