‘প্রযোজকদের সঙ্গে রাতে থাকতে হবে’, ছবিতে সুযোগ দিতে স্বরলিপিকে কুপ্রস্তাব টলিউড পরিচালকের!

একসময় টেলি-পর্দার জনপ্রিয় মুখ স্বরলিপি চট্টোপাধ্যায় সম্প্রতি সিটি সিনেমার এক সাক্ষাৎকারে তাঁর জীবনের কঠিন লড়াই ও টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় গেম শোয়ের সঞ্চালনা এবং সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তিনি বাঙালি দর্শকের চোখের মণি হয়ে উঠেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে ঝড় এবং প্রাক্তন স্বামী সৌম্যর সঙ্গে বিচ্ছেদের পর তিনি অভিনয় থেকে দূরে সরে এসে বর্তমানে দক্ষিণ কলকাতায় এক ক্যাফের মালিক।
আর এই সাক্ষাৎকারে তিনি জানালেন, টলিউডের এক পরিচিত পরিচালক তাঁকে ছবিতে সুযোগ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দিয়েছিলেন। তাঁর সামনে রাখা হয়েছিল পাঁচটি কুরুচিকর শর্ত।
কী ছিল পরিচালকের সেই ৫ শর্ত?
অভিনেত্রী স্বরলিপীর অভিযোগ, সময়টা ২০০৫-০৬ সাল। যখন তাঁর জনপ্রিয় গেম শো ‘হাঁউ মাঁউ খাঁও’ রমরমিয়ে চলছে, ঠিক সেই সময় টলিউডের এক জনপ্রিয় পরিচালক (যিনি রচনা, প্রসেনজিৎ, যিশু, রুদ্রনীলদের নিয়ে কাজ করেছেন) তাঁকে একটি সিনেমার অফার দেন। ছবিতে তাঁর নায়ক ছিলেন যিশু সেনগুপ্ত।
স্বরলিপি জানান, সিনেমার অফারের সঙ্গে পরিচালক তাঁর সামনে পাঁচ শর্ত রেখেছিলেন। প্রথম চারটি শুনেই তিনি পঞ্চম শর্তটি কী হতে চলেছে, তা আন্দাজ করে নিয়েছিলেন। সেই পাঁচ শর্ত ছিল:
১. যেমন চাওয়া হবে, তেমন ডেট দিতে হবে। ২. আউটডোরে যেতে হবে। ৩. নাচ জানতে হবে। ৪. আউটডোরে কোনও অভিভাবক নিয়ে যাওয়া যাবে না। ৫. প্রযোজকদের সঙ্গে রাতে থাকতে হবে!
‘আমাকে ফোন করলে অন্য জায়গায় ঢুকবে!’
পরিচালকের পঞ্চম শর্ত শোনার পরই স্বরলিপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে কৌশলে তিনি বলেছিলেন, “এতে লজ্জা পাওয়ার কী আছে, থাকব!” এরপরই নায়িকার ভঙ্গিমায় হাতের ছাতা খুলে পরিচালককে তিনি কড়া জবাব দেন: “আপনার আমাকে দেখে বা কাউকে দেখে সহজলভ্য মনে হতেই পারে… তবে আমাকে আর কোনওদিন যদি ফোন করেন, এটা অন্য জায়গায় ঢুকে যাবে!”
স্বরলিপি জানান, বলিউড অভিনেত্রী মৌনী রায়ের মতো তিনিও কাস্টিং কাউচের এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। নীরব না থেকে স্বরলিপি সেদিন সেই জনপ্রিয় পরিচালককে চরমভাবে সতর্ক করে দিয়েছিলেন।