আইলিগের আগে ঘর গোছানোয় চমক, মোহনবাগান সুপার জায়ান্টের তারকা গোলরক্ষককে ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার

গত কয়েক বছর ধরে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) দারুণ ছন্দে রয়েছে। স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে ভালো পারফরম্যান্সের সুবাদে এবার তারা দেশের দ্বিতীয় ডিভিশন লিগে স্থান করে নিয়েছে। এমনকি, প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপেও অংশ নিয়ে অয়ন মন্ডলরা সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি-কে পরাজিত করে ফাইনালে উঠেছিল।

জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের কাছে ফাইনালে হারলেও আসন্ন আইলিগে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার। সেই লক্ষ্য নিয়েই বহু আগে থেকে ঘর গোছাতে শুরু করেছে কিবু ভিকুনার এই দল।

বিদেশি তারকাদের ভিড়:

নয়া মরশুমে DHFC বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে বড় চমক দিয়েছে। গত আইএসএলে দাপুটে পারফরম্যান্স করা লুকা মাজসেন থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোর এবং ক্লেটনের মতো ফুটবলাররা ইতিমধ্যেই এই দলে যোগ দিয়েছেন।

এবার যুক্ত হলেন ধীরজ সিং:

বিদেশি তারকাদের পাশাপাশি ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে ডায়মন্ড হারবার এফসি এবার দলে যুক্ত করল তরুণ গোলরক্ষক ধীরজ সিংকে। গত সিজন পর্যন্ত তিনি কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে এফসি গোয়া থেকে মোহনবাগান তাঁকে দলে টেনেছিল। তবে শোনা যাচ্ছিল, নতুন সিজনে সবুজ-মেরুন তাঁকে দলে রাখতে খুব একটা আগ্রহী নয়।

সেই সুযোগকে কাজে লাগিয়ে ধীরজ সিংকে ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি। কিছুক্ষণ আগেই সেই খবর প্রকাশ্যে আসে, যা ফুটবল মহলে চমক সৃষ্টি করেছে। ফলে, এবার দেশের দ্বিতীয় ডিভিশন আইলিগে ডায়মন্ড হারবার এফসি-র গোলপোস্টের নিচে দেখা যেতে চলেছে এই তরুণ প্রতিভাকে।