ডাক্তার পরিচয় দিয়ে ঘর ভাড়া, বাড়িওয়ালাকে ভাড়া না দিয়ে হোস্টেলে থাকত মুজাম্মিল, রাতে আসত রহস্যময় গাড়ি

নয়াদিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ফরিদাবাদ থেকে যে হোয়াইট কলার জঙ্গি মডিউলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, তাদের এক সদস্য মুজাম্মিল আহমেদ গানাই-এর ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, মুজাম্মিল ১৩ সেপ্টেম্বর ধাউজ গ্রামের একটি দোতলা বাড়ির উপরের তলা ভাড়া নেয়। চলতি সপ্তাহের গোড়ার দিকে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সেই বাড়ি থেকেই ৩৫৮ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। পাশাপাশি পাওয়া যায় একটি একে-৪৭ (AK 47) রাইফেল, একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, বিস্ফোরণের জন্য ব্যবহৃত ২০টি টাইমার এবং একটি ওয়াকি-টকি সেট।

বাড়িওয়ালা ও প্রতিবেশীর বক্তব্য:

মুজাম্মিল আহমেদ গানাই নিজেকে একজন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিল এবং আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে চাকরি করত। বাড়িওয়ালা জানিয়েছেন, মুজাম্মিল নিজেকে চিকিৎসক বললেও তাকে প্রায় দেখাই যেত না। এমনকি তার বাড়ি ভাড়ার টাকাও বাকি রয়েছে।

আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, মুজাম্মিল বেশিরভাগ সময় তার শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই থাকত। সে বাড়িটিকে শুধুমাত্র নিজের মালপত্র রাখার জন্য ব্যবহার করত এবং রাতে কিছুক্ষণের জন্য আসতো। সেই সময় বেশ কয়েকজন গাড়ি নিয়ে আসতো, যা প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করত। মনে করা হচ্ছে, মুজাম্মিল তার এই ভাড়া বাড়িকে জঙ্গি কার্যকলাপের জন্য ‘সেফ হাউস’ হিসেবে ব্যবহার করত।