লালকেল্লার সামনে বিস্ফোরণে রক্ত, দিল্লিতে নাশকতা! কলকাতায় হাই অ্যালার্ট, ইডেনের সুরক্ষায় বিরাট নজরদারি

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে নিরীহ প্রাণহানির ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বড় প্রশ্নের মুখে। ছিন্নভিন্ন দেহ এবং রক্তে ভেজা রাজপথের এই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কিন্তু এর আঁচ এসে পড়েছে কলকাতাতেও।

কলকাতাকে জঙ্গি গোষ্ঠীগুলি ‘জঙ্গি মডিউল’ তৈরির কাজে ব্যবহার করতে পারে, এই আশঙ্কায় লালবাজারে জরুরি বৈঠকে বসলেন পুলিশ কমিশনার (CP)। OC, AC, DC-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে CP-র কড়া নির্দেশ: ‘কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে। গোয়েন্দাদের কড়া নজরদারি চালিয়ে যেতে হবে।’ বিশেষ করে, কাশ্মীর-আফগানিস্তান থেকে আগত ব্যক্তিদের বিষয়ে তথ্য রাখার এবং হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, এই উদ্বেগের কথা CP-কে জানিয়েছেন ACP STF ভি সলমন নিশাকুমার।

দিল্লিতে বিস্ফোরণের পর থেকেই কলকাতা-সহ রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক নাকা চেকিং ও তল্লাশি অভিযান। শুক্রবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হচ্ছে। শহরে রয়েছে দুই ক্রিকেট দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার জন্য লালবাজারের কাছে বাড়তি সুরক্ষা চেয়েছে CAB। হোটেল, লজ থেকে শুরু করে কালীঘাট, কলকাতা বিমানবন্দর—সব গুরুত্বপূর্ণ স্থানেই নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার গৌতম গম্ভীরও কড়া নিরাপত্তায় কালীঘাটে পুজো দিতে যান।

নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও। পশ্চিম বর্ধমান, কোচবিহার-সহ সর্বত্র রেলস্টেশন ও রাজ্য সড়কে চলছে জোর কদমে তল্লাশি। বিশেষত, দিল্লিগামী দূরপাল্লার ট্রেনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া, অসম-বাংলা এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে।